সিল্কসিটিনিউজ ডেস্ক :
জাতিসংঘের ৮০ বছরের ইতিহাসে কখনোই নারীকে মহাসচিব পদে নিয়োগ দেওয়া হয়নি। এ ঘটনাকে বর্তমানে আন্তর্জাতিক রাজনীতির উচ্চস্তরের লিঙ্গবৈষম্যের একটি স্পষ্ট চিহ্ন হিসেবে দেখা হচ্ছে। কিছু বিশ্বনেতা এই বিষয়টি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন এবং মহাসচিব পদে একজন নারী নেত্রীর প্রয়োজনীয়তার কথা জানিয়েছেন।
বর্তমান মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস ২০২৬ সালের শেষে তার দ্বিতীয় পাঁচ বছরের মেয়াদ শেষ করবেন।

এরপর জাতিসংঘের উচ্চপর্যায়ে একজন নারী নেতৃত্বের দাবি আরো জোরালো হয়েছে। এস্তোনিয়ার প্রেসিডেন্ট আলার কারিস বলেন, ‘এটা এখন সময়ের দাবি যে, একজন নারীকে মহাসচিব হিসেবে নির্বাচন করা হোক।’ এখন পর্যন্ত যারা জাতিসংঘের মহাসচিব হিসেবে দায়িত্ব পালন করেছেন তারা সবাই পুরুষ ছিলেন।
স্লোভেনিয়ার প্রেসিডেন্ট নাতাশা পিরক মুসার উদ্বেগ প্রকাশ করে বলেছেন, এখন পর্যন্ত মাত্র পাঁচজন নারী জাতিসংঘের বার্ষিক সাধারণ পরিষদের সভাপতির পদ পালন করেছেন।
যার মধ্যে এ বছরও একজন নারী রয়েছেন।
পিরক মুসার বলেন, ‘এই অধিবেশনের শেষে, আমরা জাতিসংঘের মহাসচিব হিসেবে একজন নারীকে দেখতে চাই।’ তিনি আরো বলেন, ‘চলুন ইতিহাস তৈরি করি।’
জাতিসংঘের নিরাপত্তা পরিষদের ১৫ সদস্য।
যার মধ্যে পাঁচটি স্থায়ী ক্ষমতাসম্পন্ন দেশ ব্রিটেন, চীন, ফ্রান্স, রাশিয়া এবং যুক্তরাষ্ট্র গোপনে একটি প্রস্তাবিত তালিকা তৈরি করে এবং সাধারণ পরিষদে প্রার্থীর নাম প্রস্তাব করে। ২০১৫ সালে সাধারণ পরিষদ স্বচ্ছতা বৃদ্ধির জন্য প্রস্তাব দিয়েছিল যে, নিরাপত্তা পরিষদ এবং সাধারণ পরিষদের সভাপতি জাতিসংঘের সদস্য রাষ্ট্রগুলোকে প্রার্থী মনোনীত করার আহ্বান জানাবে। প্রার্থীদের নাম, জীবনবৃত্তান্ত নিয়মিতভাবে সদস্য রাষ্ট্রগুলোর কাছে পাঠানো হবে।
মঙ্গোলিয়ার প্রেসিডেন্ট উখনাগীনের খুয়েলসুখ বলেন, ‘জাতিসংঘের শীর্ষ নেতৃত্বে লিঙ্গসমতা নিশ্চিত করা অবশ্যই সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়াকে আরো স্বচ্ছ এবং অন্তর্ভুক্তিমূলক করবে।’
ঐতিহ্যগতভাবে মহাসচিবের পদটি অঞ্চলভিত্তিক ঘুরে ঘুরে নির্বাচন করা হয়।
২০১৬ সালে গুতেরেসের নির্বাচনের সময় এটি পূর্ব ইউরোপের পালা ছিল। পরবর্তী সময়ে লাতিন আমেরিকা অঞ্চলের পালা। তবে কিছু কূটনীতিক মনে করছেন, অন্যান্য অঞ্চলের প্রার্থীও উঠে আসতে পারেন।
ডোমিনিকান রিপাবলিকের প্রেসিডেন্ট লুইস আবিনাদার বলেন, ‘আমাদের অঞ্চলে বৈচিত্র্য, সক্ষমতা এবং অভিজ্ঞতা রয়েছে। ফলে এ অঞ্চল শান্তি, জলবায়ু ন্যায্যতা, মানবাধিকার এবং টেকসই উন্নয়ন সম্পর্কে শক্তিশালী ভূমিকা রাখতে সক্ষম।’ তিনি আরো বলেন, ‘সময় এসেছে একজন নারী এই পদে আসার।’
চিলির প্রেসিডেন্ট গ্যাব্রিয়েল বোরিক বলেন, ‘অঞ্চলীয় ভারসাম্য রক্ষা করতে হবে। তিনি চিলির সাবেক প্রেসিডেন্ট মিশেল বাচেলেটকে মহাসচিব হিসেবে প্রস্তাব করেন।’
বাচেলেট চিলির প্রথম নারী রাষ্ট্রপতি এবং দুইবার এই পদে দায়িত্ব পালন করেছেন। এ ছাড়া জাতিসংঘের নারী সংস্থা এবং মানবাধিকার বিষয়ে জাতিসংঘের হাইকমিশনার হিসেবেও কাজ করেছেন।
বোরিক বলেন, ‘এখন লাতিন আমেরিকা এবং ক্যারিবীয় অঞ্চলের সময় এসেছে, যেখানে যুদ্ধ নেই। যে অঞ্চলটি কূটনৈতিক ঐতিহ্যে সমৃদ্ধ।’ তবে আন্তর্জাতিক পারমাণবিক শক্তি সংস্থার প্রধান আর্জেন্টিনার রাফায়েল গ্রোসির জাতিসংঘের মহাসচিব পদে প্রার্থী হওয়ার ইচ্ছা প্রকাশ করেছেন।
২০২৬ সালে জাতিসংঘের নতুন মহাসচিব নির্বাচিত হবে এবং তার দায়িত্ব শুরু হবে ২০২৭ সালের ১ জানুয়ারি থেকে। জাতিসংঘের মহাসচিব পদে একজন নারী নির্বাচিত হলে এটি একটি ঐতিহাসিক মুহূর্ত হয়ে থাকবে, যা জাতিসংঘের পরিচালনায় লিঙ্গসমতার গুরুত্বপূর্ণ অগ্রগতি হিসেবে গণ্য হবে।
সূত্র : রয়টার্স










