সদ্য প্রকাশিত
আন্তর্জাতিক

৭/১১ মুম্বাই ট্রেন বিস্ফোরণ : ১৮ বছর পর ১২ মুসলিম অভিযুক্তকে বেকসুর খালাস

নিউজ ডেস্ক২১ জুলাই ২০২৫৩ মিনিট পড়া
৭/১১ মুম্বাই ট্রেন বিস্ফোরণ : ১৮ বছর পর ১২ মুসলিম অভিযুক্তকে বেকসুর খালাস

সিল্কসিটিনিউজ ডেস্ক:

২০০৬ সালে মুম্বাইয়ের উপনগর রেলপথে ধারাবাহিক বিস্ফোরণের ঘটনায় দোষী সাব্যস্ত ১২ জন মুসলিম ব্যক্তিকে খালাস দিয়েছেন বোম্বে হাইকোর্ট। ওই ঘটনায় নিহত হয় ১৮৯ জন ও আহত হয় ৮০০-এরও বেশি মানুষ। ভয়াবহ এ ঘটনায় দেশজুড়ে আতঙ্ক ছড়িয়ে পড়ে।

আজ সোমবার (২১ জুলাই) এই রায় ঘোষিত হয়।

এই ১২ জনের মধ্যে পাঁচজনকে মৃত্যুদণ্ড ও সাতজনকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়েছিল ২০১৫ সালে বিশেষ মকোকা আদালতের রায়ে। প্রায় দুই দশক পর হাইকোর্ট পূর্ববর্তী রায় বাতিল করে তাদের সবাইকে বেকসুর খালাস দেন। আদালত রায়ে জানিয়েছেন, তদন্তকারী সংস্থা অভিযুক্তদের বিরুদ্ধে অপরাধ প্রমাণে ব্যর্থ হয়েছে। 

বিচারপতি অনিল কিলোর ও শ্যাম চাঁদকের নেতৃত্বে গঠিত বিশেষ বেঞ্চ জানায়, মামলার প্রসিকিউশনের পক্ষে অপরাধ প্রমাণের ক্ষেত্রে গুরুতর ত্রুটি ছিল।

আদালত পর্যবেক্ষণে জানান—গুরুত্বপূর্ণ সাক্ষীরা বিশ্বাসযোগ্য ছিলেন না। শনাক্তকরণ প্রক্রিয়া নিয়েও গুরুতর সন্দেহ রয়েছে। অভিযুক্তদের কাছ থেকে স্বীকারোক্তি আদায় করা হয়েছে নির্যাতনের মাধ্যমে। 

বেঞ্চ আরো মন্তব্য করে, ‘ডিফেন্স পক্ষ থেকে শনাক্তকরণ প্রক্রিয়া নিয়ে গুরুতর প্রশ্ন তোলা হয়েছিল।

অনেক সাক্ষী চার বছর বা তারও বেশি সময় চুপ থাকার পর হঠাৎ করে অভিযুক্তদের শনাক্ত করেন— যা স্বাভাবিক নয়।’ 

আদালত জানান, এক সাক্ষী একাধিক অপরাধ তদন্তে একই ধরনের সাক্ষ্য দিয়েছেন, যার মধ্যে ঘাটকোপার বিস্ফোরণ মামলাও রয়েছে। এর ফলে তার সাক্ষ্যকে ‘অবিশ্বস্ত’ হিসেবে গণ্য করা হয়।অনেক সাক্ষী ব্যাখ্যা করতে পারেননি, এত বছর পর হঠাৎ করে কিভাবে অভিযুক্তদের মুখ মনে পড়ে গেল বা কিভাবে তারা শনাক্ত করলেন।

আদালত আরো উল্লেখ করেন, ‘কিছু সাক্ষীকে বিচারকালীন জিজ্ঞাসাবাদ করা হয়নি।

আর বিস্ফোরক বা আরডিএক্স উদ্ধারের মতো প্রমাণের ক্ষেত্রে প্রসিকিউশন এটা প্রমাণ করতে ব্যর্থ হয়েছে যে ফরেনসিক ল্যাবরেটরিতে যাওয়ার আগ পর্যন্ত সেসব আলামত নিরাপদ অবস্থায় ছিল।’ 

বেঞ্চ স্পষ্টভাবে জানায়, প্রসিকিউশন পক্ষ সন্দেহাতীতভাবে অভিযোগ প্রমাণে ব্যর্থ হয়েছে এবং এতে চিন্তার যথাযথ প্রয়োগ ছিল না। ফলে আদালত পূর্ববর্তী রায় বাতিল করে। খালাস পাওয়া ১২ জনের মধ্যে একজন কামাল আনসারি ২০২১ সালে নাগপুর কারাগারে কভিড-১৯-এ আক্রান্ত হয়ে মারা যান। বাকি ১১ জন ১৯ বছর জেল খাটার পর এখন মুক্তি পাচ্ছেন।

আসামিদের পক্ষে আইনজীবী যুগ মোহিত চৌধুরি বলেন, ‘এই রায় অন্যায়ভাবে বন্দি থাকা বহু মানুষের জন্য আশার আলো হয়ে থাকবে।’ বেঞ্চের জবাব ছিল, ‘আমরা আমাদের দায়িত্ব পালন করেছি।’ পাবলিক প্রসিকিউটর রাজা ঠাকরে রায় মেনে নিয়ে বলেন, ‘এই রায় ভবিষ্যতের বিচারের ক্ষেত্রে দিকনির্দেশনা হয়ে থাকবে।’

২০০৬ সালের ১১ জুলাই মুম্বাইয়ের পশ্চিম রেলওয়ের প্রথম শ্রেণির কামরাগুলোতে সাতটি ধারাবাহিক বোমা বিস্ফোরণ ঘটে ব্যস্ত সময়ের মধ্যে। এটি ভারতের ইতিহাসের অন্যতম ভয়াবহ সন্ত্রাসী হামলা হিসেবে বিবেচিত। এখন দীর্ঘ ১৯ বছর পর সেই ঘটনার জন্য দোষী সাব্যস্ত ব্যক্তিদের সবাইকেই হাইকোর্ট খালাস দিল — যা এক ঐতিহাসিক রায় হিসেবে চিহ্নিত হচ্ছে।

সূত্র : ইন্ডিয়া টুডে