সদ্য প্রকাশিত
চাকরি

৬০০ মিডওয়াইফ নেবে সেবা পরিদপ্তর

নিউজ ডেস্ক৩০ নভেম্বর ২০১৬৫ মিনিট পড়া
৬০০ মিডওয়াইফ নেবে সেবা পরিদপ্তর

সিল্কসিটিনিউজ ডেস্ক:

৬০০ মিডওয়াইফ নিয়োগের বিজ্ঞপ্তি দিয়েছে বাংলাদেশ সরকারি কর্মকমিশন সচিবালয়। স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রণালয়ের নিয়ন্ত্রণাধীন সেবা পরিদপ্তরে এ নিয়োগ দেওয়া হবে। বিজ্ঞপ্তি পাওয়া যাবে

http://bpsc.teletalk.com.bd/ncad/doc/95_2016.pdf ওয়েবলিংকে। নন-ক্যাডার পদটির বিজ্ঞপ্তিটি পাওয়া যাবে http://bit.ly/2guXQ8j ev http://bit.ly/2gjLYGL  লিংকেও।

 

আবেদনের যোগ্যতা

বাংলাদেশ সরকারি কর্মকমিশনের (পিএসসি) পরীক্ষা নিয়ন্ত্রক (নন-ক্যাডার) ও যুগ্ম সচিব শেখ শাখাওয়াত হোসেন জানান, আবেদনের জন্য কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে মিডওয়াইফারি বিষয়ে স্নাতক ডিগ্রি বা কোনো স্বীকৃত প্রতিষ্ঠান থেকে ডিপ্লোমা ইন মিডওয়াইফারি সনদ থাকতে হবে। থাকতে হবে বাংলাদেশ নার্সিং কাউন্সিলের নিবন্ধন। এরই মধ্যে শুরু হয়ে গেছে আবেদন প্রক্রিয়া। আবেদনপত্র জমা দেওয়ার শেষ সময় ২১ ডিসেম্বর সন্ধ্যা ৬টা। ১ নভেম্বর ২০১৬ তারিখে সাধারণ প্রার্থীদের ক্ষেত্রে বয়সসীমা ৩০ বছর। মুক্তিযোদ্ধা অথবা শহীদ মুক্তিযোদ্ধাদের পুত্র-কন্যাদের ক্ষেত্রে বয়সসীমা ৩২ বছর। তবে মুক্তিযোদ্ধা বা শহীদ মুক্তিযোদ্ধাদের পুত্র-কন্যার পুত্র-কন্যাদের ক্ষেত্রে বয়স অনূর্ধ্ব ৩০ বছর। প্রার্থীকে বাংলাদেশের নাগরিক হতে হবে। কোনো বিদেশি নাগরিককে বিয়ে করলে অথবা প্রতিশ্রুতিবদ্ধ হয়ে থাকলে সরকারের লিখিত অনুমতি ছাড়া আবেদন করা যাবে না।

 

আবেদন অনলাইনে

টেলিটকের ওয়েবসাইট (bpsc.teletalk.com.bd) অথবা বাংলাদেশ সরকারি কর্মকমিশনের ওয়েবসাইটের (www.bpsc.gov.bd) মাধ্যমে আবেদন করতে হবে। অনলাইনে নির্ধারিত আবেদনপত্র ‘BPSC Form-5A’ পূরণ করে পরীক্ষার ফি জমা দিতে হবে। উল্লিখিত ওয়েবসাইটে গিয়ে নন-ক্যাডার অপশন সিলেক্ট করলে মিডওয়াইফ পদের বিজ্ঞপ্তি ও আবেদনপত্র জমা দেওয়ার নির্দেশনার রেডিও বাটন দেখা যাবে। ফরম পূরণের আগে নির্দেশনা ভালো করে দেখে নিতে হবে।

BPSC Form-5A পূরণ করার পর অ্যাপলিকেশন প্রিভিউ দেখা যাবে। প্রার্থীকে নির্ধারিত স্থানে 300×300 পিক্সেল দৈর্ঘ্য-প্রস্থের (ফাইল সাইজ সর্বোচ্চ ১০০ কেবি) সদ্য (দুই মাসের মধ্যে) তোলা রঙিন ছবি এবং 300×80 পিক্সেল দৈর্ঘ্য-প্রস্থের (ফাইল সাইজ সর্বোচ্চ ১০০ কেবি) স্বাক্ষর স্ক্যান করে জেপিজি ফরম্যাটে আপলোড করতে হবে। হোমপেজের হেল্প মেন্যুতে ছবি ও স্বাক্ষর সম্পর্কে বিস্তারিত নির্দেশনা পাওয়া যাবে।

 

পরীক্ষার ফি

নির্ভুলভাবে আবেদনপত্র সাবমিট করা হলে প্রার্থী ছবি ও স্বাক্ষরযুক্ত একটি অ্যাপলিকেন্ট কপি পাবেন। প্রার্থীকে অ্যাপলিকেন্ট কপি প্রিন্ট বা ডাউনলোড করে সংরক্ষণ করতে হবে। অ্যাপলিকেন্ট কপিতে একটি ইউজার আইডি দেওয়া থাকবে। ইউজার আইডি ব্যবহার করে যেকোনো টেলিটক প্রিপেইড মোবাইল নম্বর থেকে এসএমএস করে পরীক্ষার ফি বাবদ ৫০০ টাকা জমা দেওয়া যাবে। ফি জমা দিতে হবে ইউজার আইডি পাওয়ার পরবর্তী ৭২ ঘণ্টার মধ্যে। এর জন্য প্রথম এসএমএসে BPSC<space>User ID লিখে পাঠাতে হবে 16222 নম্বরে।

উদাহরণ : BPSC NCRPQBCR send to 16222

ফিরতি এসএমএসে প্রার্থীর নাম, ৮ ডিজিটের পিন নম্বরসহ আবেদন ফি কেটে নেওয়ার অনুমতি চাওয়া হবে। এবার BPSC<space> YES <space> PIN লিখে পাঠাতে হবে ১৬২২২  নম্বরে।

উদাহরণ : BPSC YES (8 digit number) send to 16222

এরপর পেমেন্ট সফল হয়েছে জানিয়ে এসএমএসে ইউজার আইডি ও পাসওয়ার্ড জানিয়ে দেওয়া হবে। ইউজার আইডি এবং পাসওয়ার্ড ব্যবহার করে ছবি ও রেজিস্ট্রেশন নম্বর-সংবলিত প্রবেশপত্র ডাউনলোড করা যাবে। একই প্রবেশপত্রের মাধ্যমে নেওয়া হবে লিখিত ও মৌখিক পরীক্ষা।

 

পরীক্ষা পদ্ধতি

১০০ নম্বরের মাল্টিপল চয়েস কোশ্চেন (এমসিকিউ) টাইপের লিখিত পরীক্ষায় অংশ নিতে হবে। উত্তরপত্র মূল্যায়ন করা হবে কম্পিউটারের মাধ্যমে। পরীক্ষায় মোট ১০০টি প্রশ্ন থাকবে। বাংলায় ১৫, ইংরেজিতে ১৫, সাধারণ জ্ঞান, গণিত ও দৈনন্দিন বিজ্ঞানে ২০, মিডওয়াইফারিতে (টেকনিক্যাল) ৫০ নম্বর বরাদ্দ থাকবে। সময় এক ঘণ্টা। প্রতিটি শুদ্ধ উত্তরের জন্য বরাদ্দ থাকবে ১ নম্বর। লিখিত পরীক্ষায় উত্তীর্ণরা ১০০ নম্বরের মৌখিক পরীক্ষায় অংশ নেওয়ার সুযোগ পাবে। মৌখিক পরীক্ষায় পাস নম্বর ৪০। সরকারি কর্মকমিশনের বিভিন্ন নন-ক্যাডার নিয়োগ পরীক্ষার বিগত কয়েক বছরের প্রশ্নপত্র দেখলে পরীক্ষা পদ্ধতি সম্পর্কে ধারণা পাওয়া যাবে।

পরীক্ষার কেন্দ্র

লিখিত পরীক্ষা হবে ঢাকা কেন্দ্রে। তাই প্রার্থী অনলাইন আবেদনপত্রের (BPSC Form-5A) এক্সাম সেন্টারের ঘরে ঢাকা কেন্দ্রের নাম উল্লেখ করতে হবে। প্রার্থীকে মৌখিক পরীক্ষার বোর্ডে অতিরিক্ত এক সেট বিপিএসসি ফরম-৩ পূরণ করে শিক্ষাগত যোগ্যতার সব সনদ, জাতীয় পরিচয়পত্র, বাংলাদেশ নার্সিং কাউন্সিলের রেজিস্ট্রেশন সনদ ও অভিজ্ঞতার সনদের (প্রযোজ্য ক্ষেত্রে) সত্যায়িত কপি জমা দিতে হবে। প্রত্যেক ডকুমেন্টের ওপর রেজিস্ট্রেশন নম্বর লিখতে হবে।

 

প্রয়োজনীয় কাগজপত্র

এমসিকিউ টাইপের লিখিত পরীক্ষায় উত্তীর্ণ হলে কমিশনের ওয়েবসাইট (www.bpsc.gov.bd) থেকে বিপিএসসি ফর্ম-৩ ডাউনলোড করতে হবে। তা পূরণ করে শিক্ষাগত যোগ্যতার সব সনদের সত্যায়িত কপি, জাতীয় পরিচয়পত্রের সত্যায়িত কপি, বাংলাদেশ নার্সিং কাউন্সিলের রেজিস্ট্রেশন সনদ ও অভিজ্ঞতার সনদসহ (প্রযোজ্য ক্ষেত্রে) মৌখিক পরীক্ষার আগে জমা দিতে হবে।

মৌখিক পরীক্ষার সময় মূল অথবা সাময়িক সনদের মূলকপি অথবা বাংলাদেশ নার্সিং কাউন্সিলের রেজিস্ট্রেশন সনদের মূলকপি দাখিল করতে হবে। চাকরিরত প্রার্থীদের নিয়োগকারী কর্তৃপক্ষের দেওয়া সিল, স্বাক্ষরসহ ছাড়পত্রের ফরমের মূলকপি এবং সত্যায়িত ফটোকপি দাখিল করতে হবে ভাইভা বোর্ডে।

 

বেতন ও অন্যান্য

দশম গ্রেডে নন-ক্যাডার পদে এ নিয়োগ দেওয়া হবে। জাতীয় বেতন স্কেল ২০১৫ অনুযায়ী ১৬০০০-৩৮৬৪০ টাকা বেতনক্রম অনুসারে বেতন ও অন্যান্য সুযোগ-সুবিধা দেওয়া হবে।

 

আরো জানতে

বিজ্ঞপ্তি ও ফরম পূরণের নির্দেশনা টেলিটকের ওয়েবসাইট (bpsc.teletalk.com.bd) এবং বাংলাদেশ সরকারি কর্মকমিশনের ওয়েবসাইটে (www.bpsc.gov.bd) পাওয়া যাবে। পরীক্ষা ও ফলাফলসংক্রান্ত তথ্যের জন্য নিয়মিত চোখ রাখতে হবে কর্মকশিনের ওয়েবসাইটে। এ ছাড়া অফিস চলাকালীন (সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত) ০২-৫৫০০৬৬৫১ নম্বরে ফোন করেও জানা যাবে প্রয়োজনীয় তথ্য।

সূত্র: কালের কন্ঠ