সদ্য প্রকাশিত
দুর্ঘটনা

৩০ বছরেও নির্মিত হয়নি লালপুরে বাসটার্মিনাল

নিউজ ডেস্ক৩ ফেব্রুয়ারি ২০২২৩ মিনিট পড়া
৩০ বছরেও নির্মিত হয়নি লালপুরে বাসটার্মিনাল

লালপুর প্রতিনিধি:

নাটোরের লালপুরে প্রতিশ্রুতির ৩০ বছরেও নির্মিত হয়নি বাস টার্মিনাল । বাস টার্মিনাল ও যাত্রী ছাউনী না থাকায় মানুষকে চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে। প্রতারকদের খপ্পরে প্রতিনিয়ত যাত্রীদের জিনিসপত্র খোয়া যাচ্ছে। সড়কের দুপাশে সিএনজি, অটোরিকশা, নসিমন, করিমন, বাস, ট্রাকসহ বিভিন্ন যানবাহন থাকায় যানজটের সৃষ্টি হচ্ছে। ফলে স্বাভাবিক চলাচলে দুর্ভোগ ও সড়ক দুর্ঘটনা ঘটছে।

পরিবহন মালিক ও শ্রমিক সংগঠন সূত্রে জানা যায়, এই রুটে ভোর থেকে গভীর রাত পর্যন্ত প্রতিদিন শতাধিক বাস চলাচল করে। ব্যবসা প্রধান এলাকা লালপুর থেকে ঈশ্বরদী, বাঘা, রাজশাহী, নাটোর, বগুড়া, রংপুর, ঢাকা, চট্টগ্রামসহ সারা দেশের বিভিন্ন রুটে প্রায় ৫ থেকে ৭ হাজার যাত্রী এ সকল বাসে যাতায়াত করেন। এছাড়াও ট্রাক, পিকআপ ভ্যানসহ বিভিন্ন মালবাহী যানবাহন চলাচল করে। বাস টার্মিনাল কিংবা যাত্রী ছাউনী না থাকায় যাত্রীদের রাস্তার উপর অথবা দোকানের সামনে এলোপাতাড়ি যানবাহন দাঁড় করিয়ে যাত্রী ও মালামাল উঠানো-নামানো হয়। বাস থামার নির্দিষ্ট স্থান না থাকায় বাসে উঠার জন্য যাত্রীদের ছুটে বেড়াতে হয়। যাত্রী ছাউনী না থাকায় ঝড়-বৃষ্টি ও প্রখর রোদে খোলা আকশের নিচে দাঁড়িয়ে যাত্রীদের অপেক্ষা করতে হয়। ভোর রাতে নাইট কোচগুলোর যাত্রীরা নিরাপত্তা হীনতায় ভোগেন। অনেক সময় যাত্রীরা ছিনতাইয়ের শিকার হয়।

এ ব্যাপারে ঢাকা থেকে আসা সুপার সনি পরিবহনের যাত্রী পাইকপাড়া গ্রামের মাসুম আলী বলেন, সদর থেকে প্রায় ৮ কিলোমিটার রাস্তায় বাড়ি যেতে চোর-ডাকাতের ভয় আছে। এখানে থাকার মতো কোন স্বজন না থাকায় সমস্যায় পড়েছেন।

ঈশ্বরদী ট্রাভেলসের যাত্রী অর্জুনপুর গ্রামের মিঠন আলী ভোররাতে বাস থেকে নেমে বলেন, এত রাতে বাড়ি যাওয়া সম্ভব না। টার্মিনাল থাকলে বসে সকাল পর্যন্ত অপেক্ষা করা যেত। এখন খোলা আকশের নিচে ভোর হওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে।

আরেক যাত্রী সিরাজীপুর গ্রামের মহাব্বত আলী বলেন, রাতে ঢাকা যাব কিন্তু রাতে কোন গাড়ি না থাকায় দুশ্চিন্তায় পরতে হয় বলে যাত্রার অনেক আগেই বাস কাউন্টারে এসে বসে থাকতে হয়।

স্থানীয় সূত্রে জানা যায়, সাবেক যোগাযোগ প্রতিমন্ত্রী ও বিএনপির সাবেক কেন্দ্রীয় নেতা মরহুম ফজলুর রহমান পটল ১৯৯১ সালে লালপুর বাস টার্মিনাল ও ত্রিমহোনীতে ওভার ব্রিজ নির্মাণের প্রতিশ্রুতি দিলেও তা বাস্তবায়ন করে যেতে পারেননি। জাতীয় পার্টির ভাইস চেয়ারম্যান মো. আবু তালহা সংসদ সদস্য নির্বাচিত হওয়ার পর ২০০৮ সালে বাস টার্মিনাল নির্মানের প্রতিশ্রুতি দিয়ে যোগাযোগ মন্ত্রণালয় ও সড়ক বিভাগ বরাবর চিঠি দেন, সেই পর্যন্ত শেষ। তার বাস্তব প্রতিফলন দেখা মিলেনি আজও।
নাটোর জেলা আওয়ামী লীগের সিনিয়র সহসভাপতি এড. আবুল কালাম আজাদ সংসদ সদস্য হওয়ার পর ২০১৪ সালে একই প্রতিশ্রুতি দেন, কিন্তু তা আজও বাস্তবায়ন হয়নি। নাটোর জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক শহিদুল ইসলাম বকুল ২০১৮ সালে সংসদ সদস্য নির্বাচিত হওয়ার পর বাস টার্মিনাল নির্মানের প্রতিশ্রুতি দিলেও এখনো বাস্তবে তার কোন অগ্রগতি নেই।

এ বিষয়ে নাটোর-১ আসনের সংসদ সদস্য শহিদুল ইসলাম বকুল বলেন, লালপুর বাস টার্মিনাল নির্মাণের জন্য জায়গা সংকট রয়েছে। চলমান সংসদ অধিবেশন শেষে স্থানীয় প্রশাসন, জনপ্রতিনিধি ও সুধীজনদের নিয়ে পরামর্শ করে স্থায়ী টার্মিনাল নির্মাণের উদ্যোগ গ্রহণ করা হবে।

জি/আর