সদ্য প্রকাশিত
আন্তর্জাতিক

৩০ কোটি টাকা আত্মসাৎ করে কসমেটিক সার্জারি ও বিলাসী জীবন

নিউজ ডেস্ক২৩ জুলাই ২০২৫২ মিনিট পড়া
৩০ কোটি টাকা আত্মসাৎ করে কসমেটিক সার্জারি ও বিলাসী জীবন

সিল্কসিটিনিউজ ডেস্ক:

সাংহাইয়ের একটি ফুল ও বাগান সেবাদানকারী প্রতিষ্ঠানের ক্যাশিয়ার পদে চাকরি করতেন ওয়াং জিং (ছদ্মনাম)। মাসিক বেতন ছিল মাত্র ৮ হাজার ইউয়ান, বাংলাদেশি মুদ্রায় প্রায় এক লাখ টাকা। অথচ বাস্তবে তিনি যেন এক ধনকুবের নারী—পরপর কসমেটিক সার্জারি, বিলাসবহুল ব্র্যান্ডের পণ্য, সামাজিক মাধ্যমে ‘ধনীর দুলালী’ সেজে জীবনযাপন।

সম্প্রতি চীনের সাউথ চায়না মর্নিং পোস্টের এক প্রতিবেদনে উঠে এসেছে, প্রতিষ্ঠান থেকে দীর্ঘ ছয় বছরে প্রায় ১ কোটি ৭০ লাখ ইউয়ান (বাংলাদেশি মুদ্রায় প্রায় ৩০ কোটি টাকা) আত্মসাৎ করেছেন তিনি।

২০১৮ সালে ওয়াং দায়িত্ব পান অনলাইন ব্যাংকিংয়ের মাধ্যমে কোম্পানির লেনদেন তদারকির। মালিক স্যু তার ওপর আস্থা রেখেই আর্থিক ব্যবস্থাপনার ভার দেন। কিন্তু সেই আস্থাই কাল হলো মালিকের জন্য। কোম্পানির টাকা নিজের ব্যক্তিগত কাজে ব্যয় করতে শুরু করেন ওয়াং।

তদন্তকারীদের কাছে তিনি স্বীকার করেছেন, ‘আমি কেবল নিজের সৌন্দর্য ধরে রাখতে চেয়েছি। চাইতাম সবাই আমাকে প্রশংসা করুক। এসব করেছি নিজের জন্য, কোনো পুরুষের জন্য নয়।’

ওয়াং জানিয়েছেন, বছরে চারবার করে কসমেটিক সার্জারি করাতেন তিনি।

প্রতিটি সার্জারিতে খরচ হতো গড়ে তিন লাখ ইউয়ান। শুধু তাই নয়, ‘ধনী পরিবারের সন্তান’ হিসেবে নিজেকে তুলে ধরতে বছরে ২০ লাখ ইউয়ান খরচ করতেন।ডায়মন্ডের ব্রেসলেট, দুষ্প্রাপ্য কুমিরের চামড়ার হ্যান্ডব্যাগ, বিলাসবহুল মেকআপ সামগ্রী, এমনকি ম্যাকাওয়ের ক্যাসিনোতেও জুয়ার আসরে অংশ নেওয়া—সবই ছিল তার বিলাসী জীবনের অংশ।

২০২৪ সালের জুলাই মাসে হঠাৎ করেই প্রতিষ্ঠানটিতে ট্যাক্স কর্তৃপক্ষ তল্লাশি চালায়। তখনই ফাঁস হয় পুরো কাহিনি।

হিসাবপত্র ও কর ফাইলিংয়ের মধ্যে অমিল ধরা পড়ে। দেখা যায়, কোম্পানির অ্যাকাউন্ট পুরোপুরি খালি! ফলে কর্মীদের বেতন ও সামাজিক নিরাপত্তা সুবিধা দিতে নিজের সঞ্চয় ভাঙতে হয় মালিক স্যুকে।এ ঘটনায় ওয়াং জিংয়ের বিরুদ্ধে আত্মসাৎ ও প্রতারণার অভিযোগ এনে মামলা দায়ের করেছে সাংহাইয়ের চ্যাঙনিং জেলা পিপলস প্রসিকিউটর অফিস। মামলাটি এখনো বিচারাধীন।

চীনের সামাজিকমাধ্যমে ইতোমধ্যেই বিষয়টি নিয়ে ব্যাপক আলোচনা শুরু হয়েছে। অনেকেই বলছেন, প্রযুক্তির যুগে এমন প্রতারণা ধরা না পড়ার পেছনে প্রতিষ্ঠানটির নজরদারির ঘাটতিই বড় কারণ।