সিল্কসিটিনিউজ ডেস্ক :
বর্তমান রেকর্ড চুক্তির তিনগুণ প্রস্তাব পেয়েও চীনা সুপার লিগের ক্লাবকে ‘না’ করে দিয়েছেন ক্রিস্তিয়ানো রোনালদো।
রোনালদোকে এতো দামে নিতে পারলে সেটা হতে পারত শতবর্ষের সেরা চুক্তি। কারণ ৩০ কোটি ইউরো ট্রান্সফার ফি বর্তমান রেকর্ড চুক্তির তিনগুণের কাছাকাছি। কিন্তু সেটা হয়নি। বিনয়ের সঙ্গে প্রস্তাবটি ফিরিয়ে দিয়েছেন রিয়াল মাদ্রিদের ফরোয়ার্ড।

এমন খবর দিয়েছেন রোনালদোর এজেন্ট হোর্হে মেন্দেস। বৃহস্পতিবার এক সাক্ষাতকারে তিনি ক্লাবটির নাম গোপন রেখে বলেছেন, ‘চীন থেকে তারা রিয়াল মাদ্রিদকে ৩০ কোটি ইউরো প্রস্তাব করেছিল এবং তাকে বার্ষিক ১০ কোটি ইউরোর বেশি বেতন দিতে চেয়েছিল। কিন্তু অর্থ সবকিছু নয়। এ স্প্যানিশ ক্লাব তার জীবন।’
রোনালদোর কাছে রিয়ালই যে অনেক বড়, তার প্রমাণ তিনি রেখেছেন নতুন চুক্তি করে। গত নভেম্বরে কলমের খোঁচায় ইউরোপ চ্যাম্পিয়নদের সঙ্গে ২০২১ সাল পর্যন্ত থাকার আনুষ্ঠানিক সম্মতি দিয়েছেন চারবারের ব্যালন ডি’অরজয়ী।
সূত্র: বাংলাট্রিবিউন










