সিল্কসিটিনিউজ ডেস্ক:
আগামী দুই মাসের মধ্যে সংসদীয় আসনের সীমানা পুনর্নির্ধারণের দাবি করেছে ন্যাশনাল ডেমোক্রেটিক মুভমেন্টের (এনডিএম) চেয়ারম্যান ববি হাজ্জাজ।
সোমবার (৭ জুলাই) প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এএমএম নাসির উদ্দিনের সঙ্গে বৈঠকে এ দাবি জানান তিনি।

বৈঠক শেষে সাংবাদিকদের ববি হাজ্জাজ বলেন, ‘আমরা ৪ বিষয়ে আলোচনা করেছি। আগামী ২ মাসের মধ্যে সংসদীয় আসনের সীমানা নির্ধারণ, নির্বাচনি ব্যয়সীমা ২৫ লাখ টাকা থেকে বাড়িয়ে ৪০ লাখ টাকা করা, পিভিসি পোস্টার বাতিলের সিদ্ধান্ত প্রত্যাহার এবং নিবন্ধন স্থগিত রয়েছে এমন কোনো দলের নেতারা যাতে ভিন্ন পরিচয়ে ভোটে দাঁড়াতে না পারেন- ইসিকে সেই ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছি।’
নির্বাচনি ব্যয়সীমা প্রসঙ্গে তিনি বলেন, ‘যখন ২৫ লাখ টাকা ব্যয়সীমা করা হয়েছিল, সেই বাজারদর আর এখন নেই। সবকিছুর দাম বেড়েছে। তার ওপর পোস্টার তুলে দিতে চাচ্ছে। তাই ব্যয়সীমা বাড়িয়ে ৪০ লাখ টাকার কথা বলা হয়েছে। এ ছাড়া বিলবোর্ডের কথা বলেছে প্রচারের জন্য। বিলবোর্ড ভাড়া করতে হলে ৪০ লাখ টাকার মধ্যেও ব্যয় সীমাবদ্ধ রাখা সম্ভব নয়।’
নিবন্ধন স্থগিত রয়েছে এমন দলের বিষয়ে এনডিএম চেয়ারম্যান বলেন, ‘নিবন্ধন স্থগিত থাকা দলের কোনো সদস্যের ভোটে দাঁড়ানোর বিষয়টা যেন অযোগ্য ঘোষণা করা হয়। নাম লুকিয়ে যেন সেই দলের কোনো নেতা ভোটে না আসতে পারে, তার ব্যবস্থা করার কথা বলেছি। আইনের ঊর্ধ্বে কেউ না। যখন আইন পাস হয়, তখন সেটার স্পিরিট মানতে হবে। নিবন্ধন স্থগিতাদেশ যদি না ওঠে তাহলে তারা ভোটে অংশ নিতে পারবে না। আওয়ামী লীগের কেন্দ্র, জেলা বা উপজেলা কমিটিতেও যারা পদে ছিলেন, এমন নেতারা যাতে ভোটে অংশ নেওয়ার সুযোগ না পায়।’
ভোটের পরিবেশ নিয়ে তিনি বলেন, ‘ভোটের পরিবেশ সৃষ্টির বিষয়ে ফেব্রুয়ারিকে ধরে যেন ইসি রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপ আয়োজন করে। প্রধান উপদেষ্টার সঙ্গে তারিখ নিয়ে আলোচনা হলে তা জানানো। তবে সিইসি বলেছেন, কোনো নির্দেশনা সরকারের তরফ থেকে আসেনি। তারা জুনের মধ্যে ভোটের জন্য প্রস্তুতি নিচ্ছেন।’
তবে জনমনে বিভ্রান্তি দূর করতে নির্বাচন কখন হবে সে বিষয়ে সিইসিকে পরিষ্কার করার আহ্বান জানান ববি হাজ্জাজ।










