সিল্কসিটিনিউজ ডেস্ক:
আসন্ন ২০১৯-২০২০ অর্থবছরের নতুন বাজেটের জন্য শিল্প ও বণিক সমিতি, ট্রেড অ্যাসোসিয়েশন, পেশাজীবী সংগঠন ও গবেষণা প্রতিষ্ঠানের কাছ থেকে সুনির্দিষ্ট প্রস্তাব চেয়েছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)।
আগামী ২৭ মার্চের মধ্যে ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন এফবিসিসিআই ও এনবিআরে লিখিতভাবে এই প্রস্তাব পাঠাতে বলা হয়েছে। মঙ্গলবার এনবিআর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। উল্লেখ্য, সরকারের রাজস্ব আহরণ ও বাজেট প্রণয়নে রাজস্ব নীতিমালা প্রস্তুত করে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)।

এ লক্ষ্যে তারা একটি অংশগ্রহণমূলক, গণমুখী ও সুষম বাজেট প্রণয়নে বরাবরই বিভিন্ন পর্যায়ের করদাতা, বিভিন্ন শিল্প ও বণিক সমিতি, ট্রেড অ্যাসোসিয়েশন, পেশাজীবী সংগঠন, গবেষণা প্রতিষ্ঠান ও দেশের বুদ্ধিজীবী মহলের কাছ থেকে বাজেট প্রস্তাব আহ্বান করে থাকে। একইভাবে তাদের সঙ্গে রাজস্ব আহরণ পদ্ধতি নিয়েও আলোচনা অনুষ্ঠানেরও আয়োজন করে এনবিআর। সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, বিভিন্ন খাত থেকে পাওয়া প্রস্তাবগুলো জাতীয় রাজস্ব বোর্ড গুরুত্বের সঙ্গে বিবেচনা করবে।
যেসব প্রতিষ্ঠান, সংস্থা বা দফতর কোনো চেম্বার বা অ্যাসোসিয়েশনের সদস্য নয়, তারাও সরাসরি এনবিআরের নির্দিষ্ট ই-মেইলের মাধ্যমে বাজেট প্রস্তাব পাঠাতে পারবে। বিজ্ঞপ্তিতে আগামী বাজেট প্রস্তুতে সহায়তার লক্ষ্যে বিভিন্ন চেম্বার এবং অ্যাসোসিয়েশনকে তাদের নিজ নিজ বাজেট প্রস্তাব আগামী ২৭ মার্চের মধ্যে লিখিতভাবে দ্য ফেডারেশন অব বাংলাদেশ চেম্বাস অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (এফবিসিসিআই) কাছে পাঠানোর অনুরোধ করা হয়।
একই সঙ্গে প্রস্তাবের আরেকটি সফটকপি nbrbudget2019@yahoo.com – এই ঠিকানায় ই-মেইলের মাধ্যমে জাতীয় রাজস্ব বোর্ডে পাঠাতে অনুরোধ করা হয়।









