সিল্কসিটিনিউজ ডেস্ক :
১৮ ঘণ্টা ধরে উদ্ধারকাজ চালিয়ে রবিবার (২৯ ডিসেম্বর) সকালে উদ্ধার করা হয় ভারতের মধ্যপ্রদেশের ১০ বছর বয়সী সুমিত মীরাকে। অচেতন অবস্থায় তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। কিন্তু চিকিৎসকরা জানিয়ে দেন, শিশুটির মৃত্যু হয়েছে।
মধ্যপ্রদেশের গুনার জেলা হাসপাতালের চিকিৎসক রাহুল রঘুবংশী জানান, শিশুটিকে যখন হাসপাতালে নেওয়া হয় তখন তার হৃদস্পন্দন থেমে গিয়েছিল।

রবিবার সকাল সাড়ে ৯টার দিকে গভীর একটি কুয়া থেকে উদ্ধার করা হয় সুমিতকে। সুমিত উদ্ধার হওয়ায় আশার আলো দেখা দিয়েছিল। কিন্তু তা ক্ষণস্থায়ী হল। দীর্ঘ প্রচেষ্টাতেও বাঁচানো গেল না সুমিতকে।
শনিবার বিকেলে বাড়ির সামনে খোলা একটি কুয়ায় পড়ে যায় সুমিত। তার পরই দ্রুত উদ্ধারের কাজ শুরু হয়। ৪০ ফুট গভীরে আটকে ছিল সুমিত। সেখানে পৌঁছাতে কুয়ার সমান্তরালে গর্ত খোঁড়া হয়।
রাতারাতি সেই গর্ত খুঁড়ে সুমিতের কাছে পোঁছনোর চেষ্টা করেন উদ্ধারকারীরা। সকালে সুমিতকে উদ্ধার করেন তারা। কিন্তু শেষরক্ষা হয়নি।
উদ্ধারের পর পরই গুনার অ্যাসিস্ট্যান্ট পুলিশ সুপার মান সিংহ ঠাকুর জানিয়েছিলেন, শিশুটিকে উদ্ধার করা হয়েছে। তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।
খুব ধীরে শ্বাস চলছিল। অচেতন, কিন্তু হাসপাতালে নিয়ে যেতেই চিকিৎসকেরা সুমিতকে মৃত বলে ঘোষণা করেন।
সূত্র: কালের কণ্ঠ










