চাঁপাইনবাবগঞ্জ

১২ ঘণ্টা পর আমনুরা জংশন দিয়ে যাত্রীবাহী ট্রেন চলাচল স্বাভাবিক

নিউজ ডেস্ক১৮ আগস্ট ২০২৫২ মিনিট পড়া

নিজস্ব প্রতিবেদক:

চাঁপাইনবাবগঞ্জের সদর উপজেলার আমনুরা জংশন স্টেশনে একটি তেলবাহী ট্রেনের ৫টি ওয়াগন গতকাল রবিবার (১৭ আগস্ট) লাইনচ্যুত হয়। লাইনচ্যুত ওয়াগনগুলো উদ্ধার করা হয়েছে। এতে প্রায় ১২ ঘণ্টা পর আমনুরা জংশন দিয়ে যাত্রীবাহী ট্রেন চলাচল শুরু হয়েছে।

রেলওয়ে সূত্র জানায়, আজ সোমবার (১৮ আগস্ট) ভোর ৫টা ৫ মিনিটে ঈশ্বরদী থেকে আসা রিলিফ ট্রেন লাইনচ্যুত ওয়াগনের উদ্ধারকাজ সম্পন্ন করে।

ভোর ৫টা ৩৫ মিনিটে আমনুরা জংশনে আটকা পড়া গোমস্তাপুর উপজেলার রহনপুর স্টেশন থেকে ছেড়ে আসা ঈশ্বরদীগামী ৫৮ ডাউন আন্ত নগর কমিটার ট্রেন জংশন ছেড়ে যায়।

সূত্র জানায়, এ ঘটনায় কেউ হতাহত হয়নি। তেল লিকেজের ঘটনাও ঘটেনি। তবে বন্ধ হয়ে গিয়েছিল আমনুরার সঙ্গে গোমস্তাপুর উপজেলার রহনপুর ও চাঁপাইনবাবগঞ্জ সদর স্টেশন পর্যন্ত তিন দিকের ট্রেন যোগাযোগ।

আমনুরায় একটিসহ রহনপুর স্টেশনে আটকা পড়েছিল ১২৬ ডাউন রাজশাহীগামী পুনর্ভবা কমিউটার। এ সময় আমনুরা বাইপাস স্টেশন হয়ে রাজশাহী থেকে চাঁপাইনবাবগঞ্জ সদর স্টেশনে ট্রেন চলাচল স্বাভাবিক ছিল।
আমনুরা জংশন সহকারী মাস্টার মোখলেসুর রহমান সোহেল জানান, ট্রেনটি স্টেশনের অদূরে ১০০ মেগাওয়াট উৎপাদন ক্ষমতার পিডিবির (সরকারি) মালিকানাধীন একটি বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রের জন্য ফার্নেস অয়েল নিয়ে আসছিল। মেকানিক্যাল কারণে প্ল্যাটফরমের প্রায় আধা কিলোমিটার দূরে কেএ-ওয়ান আপ তেলের ট্রেনের ৫টি ওয়াগন লাইনচ্যুত হয়।

তিনি আরো জানান, ওয়াগনগুলো উদ্ধারের জন্য ঈশ্বরদী থেকে গতকাল রবিবার রাত সাড়ে ১০টায় রিলিফ ট্রেন ও কারিগরি দল আসে। তারা ওয়াগনগুলো উদ্ধার করে। এতে যাত্রীবাহী ট্রেন চলাচল স্বাভাবিক হয়। তবে সব লাইন মেরামতের কাজ চলছে। মেরামত শেষ হলে সব পণ্যবাহী ট্রেন চলাচল স্বাভাবিক হবে।

আমনুরায় ভারত থেকে রহনপুর রেলবন্দর হয়ে আসা আমদানি করা পণ্যবাহী ট্রেন অপারেট করা হয়। এ ঘটনায় একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। তারা লাইনচ্যুতির কারণ নির্ণয় করে প্রতিবেদন দেবেন।
আমনুরা ফাঁড়ির এসআই আইনুল হক বলেন, ‘জংশনের ৭ নম্বর লাইনের মুখে প্রবেশের সময় ক্রস লাইনে ট্রেনটির ৫টি ওয়াগন লাইনচ্যুত হলে এর পূর্ণ নিরাপত্তা নিশ্চিত করা হয়।’

চাঁপাইনবাবগঞ্জ সদর স্টেশন মাস্টার মো. ওবাইদুল্লাহ বলেন, ‘লাইনচ্যুতির কারণে আমনুরা জংশন স্টেশন হয়ে ট্রেন চলাচল বন্ধ হলে মহানন্দাসহ কয়েকটি ট্রেনের শিডিউল বিপর্যয় ঘটে। যাত্রীদের ভোগান্তি হয়।’

রহনপুর স্টেশন মাস্টার মামনুনুর রশিদ বলেন, ‘রহনপুর থেকে দুটি ট্রেনের শিডিউল বিপর্যয় ঘটে।’

সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, পশ্চিমাঞ্চল রেলওয়ের পাকশী বিভাগীয় ট্রাফিক অফিসার হাসিনা খাতুনসহ রেলওয়ের ঊর্ধ্বতন প্রকৌশলীরা ঘটনাস্থল পরিদর্শন করেছেন।