জাতীয়

হোয়াইট হাউসে ট্রাম্পের বলরুম নির্মাণে নিষেধাজ্ঞা দিলেন মার্কিন আদালত

নিউজ ডেস্ক৮ আগস্ট ২০২৬২ মিনিট পড়া

সিল্কসিটিনিউজ ডেস্ক:

মার্কিন প্রেসিডেন্টের সরকারি বাসভবন হোয়াইট হাউসে ৪০ কোটি ডলার (প্রায় ২৯.৭ কোটি পাউন্ড) ব্যয়ে নির্মিতব্য বিতর্কিত বলরুম প্রকল্পের কাজ বন্ধের নির্দেশ দিয়েছেন মার্কিন একটি ফেডারেল আপিল আদালত। কংগ্রেসের আনুষ্ঠানিক অনুমোদন ছাড়া এই মেগাপ্রকল্প চালিয়ে যাওয়া যাবে না বলে জানিয়ে দেওয়া হয়েছে।

শুক্রবার (৭ আগস্ট) তিন বিচারকের প্যানেল ২-১ ব্যবধানের রায়ে ট্রাম্প প্রশাসনের আপিল খারিজ করে দেন। আদালত তার পর্যবেক্ষণে উল্লেখ করেন, হোয়াইট হাউস দেশের জনগণের সম্পত্তি। প্রতিটি প্রেসিডেন্ট এর সাময়িক ভাড়াটে মাত্র, মালিক নন। ফলে কোনো প্রেসিডেন্ট তার ব্যক্তিগত ইচ্ছা অনুযায়ী জনগণের ঐতিহাসিক ভবনকে নিজের মতো করে পুনর্নির্মাণ বা নকশা বদল করতে পারেন না।

ঐতিহাসিক ভবন সংরক্ষণকারী সংস্থা ‘ন্যাশনাল ট্রাস্ট ফর হিস্টোরিক প্রিজারভেশন’-এর করা মামলার পরিপ্রেক্ষিতেই এই রায় এলো। উল্লেখ্য, কোনো অনুমতি ছাড়া হোয়াইট হাউসের ঐতিহাসিক ‘ইস্ট উইং’ ভেঙে ফেলার পর থেকে ট্রাম্প প্রশাসনের বিরুদ্ধে আইনি লড়াই শুরু হয়। তবে ট্রাম্প প্রশাসনকে সুপ্রিম কোর্টে আপিল করার সুযোগ দিতে রায়ের কার্যকারিতা ১৪ দিনের জন্য স্থগিত রাখা হয়েছে।

আদালতের এই রায়ে ক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

সামাজিক যোগাযোগ মাধ্যমে তিনি এই রায়কে ভয়াবহ ও রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত বলে মন্তব্য করেন। ট্রাম্পের দাবি, প্রকল্পটি সম্পূর্ণ ব্যক্তিগত অনুদানের টাকায় নির্মিত হচ্ছে এবং এর মাধ্যমে জাতীয় নিরাপত্তার একাধিক গুরুত্বপূর্ণ ব্যবস্থা তৈরি করা হচ্ছিল। তিনি জানান, মাটির নিচের এই কমপ্লেক্সে বোমা আশ্রয়কেন্দ্র, সামরিক হাসপাতাল ও আধুনিক গোয়েন্দা নিরাপত্তা সুবিধা যুক্ত করার পরিকল্পনা ছিল, যা বাতিল হলে দেশের নিরাপত্তা হুমকির মুখে পড়বে। তবে সংরক্ষণকারী সংস্থাগুলোর যুক্তি, মাটির ওপরে বিলাসবহুল বলরুম নির্মাণ করা কোনো জাতীয় জরুরি নিরাপত্তার বিষয় হতে পারে না। ন্যাশনাল ট্রাস্টের সিইও ব্রেন্ট লেগস আদালতের রায়কে স্বাগত জানিয়ে বলেন, হোয়াইট হাউস আমেরিকান পরিচয় ও ডেমোক্রেসির প্রতীক।

আমরা জনগণের অমূল্য এই সম্পত্তি রক্ষা করতে পেরে গর্বিত।
কংগ্রেসের তোয়াক্কা না করে গত ৭০ বছরের মধ্যে হোয়াইট হাউসের সবচেয়ে বড় এই পরিবর্তন প্রচেষ্টাকে কেন্দ্র করে প্রশাসন ও বিচার বিভাগের টানাপোড়েন এখন চূড়ান্তে। বিষয়টি সমাধান করতে হোয়াইট হাউস আইনি লড়াই সুপ্রিম কোর্ট পর্যন্ত টেনে নেওয়ার ঘোষণা দিয়েছে।