সদ্য প্রকাশিত
আন্তর্জাতিক

হার্ডওয়্যার দোকানের গুজব থেকে যেভাবে লস অ্যাঞ্জেলসে বিক্ষোভ ছড়িয়ে পড়ে

নিউজ ডেস্ক১০ জুন ২০২৫৫ মিনিট পড়া
হার্ডওয়্যার দোকানের গুজব থেকে যেভাবে লস অ্যাঞ্জেলসে বিক্ষোভ ছড়িয়ে পড়ে

সিল্কসিটিনিউজ ডেস্ক:

লস অ্যাঞ্জেলসের কাছে একটি হার্ডওয়্যার দোকানের গাড়ি পার্কিং জোনে একত্রিত হয়েছিলেন হুয়ান ও তার আরো কয়েকজন বন্ধু। যেখান থেকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের অভিবাসন দমন অভিযানের বিরুদ্ধে বিক্ষোভ শুরু হয়।

সাধারণত, সেখানে জড়ো হওয়া মানুষজনের মধ্যে অনেক দিনমজুরও থাকেন। তাদের অনেকেই অনিবন্ধিত অভিবাসী-ক্রেতা বা ঠিকাদারদের কাছ থেকে কাজ পাওয়ার আশায় সেখানে অপেক্ষা করেন।

কিন্তু রোববার লস অ্যাঞ্জেলসের প্যারামাউন্ট শহরতলির ওই হোম ডিপো শাখার বাইরে শুধু দুটি ছোট পিকআপ ট্রাক দেখা গেছে। সেগুলোতে ছাদ মেরামত, সংস্কার বা রং করার কাজে সহায়তার কথা বলে বিজ্ঞাপন টানানো ছিল। উল্লেখ্য, প্যারামাউন্টের বাসিন্দাদের শতকরা ৮২ শতাংশের বেশি হিস্পানিক (স্পেনের ভাষা ও সংস্কৃতির মানুষ)।

এর ঠিক এক দিন পরে ওই দোকানটি অভিবাসন বিরোধী বিক্ষোভের কেন্দ্রবিন্দুতে পরিণত হয়। যেখানে গুজব রটে যে এখানে কাজের সন্ধানে আসা দিনমজুরদের গ্রেপ্তার করা হয়েছে।

এলাকাবাসীর অনেকেই বিবিসিকে বলেছেন, তাঁরা সেখানে অভিবাসন কর্তৃপক্ষের গাড়ি দেখতে পেয়েছেন। তখনই খবর আসে, হোম ডিপোতে অভিযান চালিয়ে দিনমজুরদের গ্রেপ্তার করা হয়েছে। পুরো যুক্তরাষ্ট্র থেকে বহু অনিবন্ধিত অভিবাসী কাজের খোঁজে হোম ডিপো চত্বরে জড়ো হন।

অভিবাসী দিনমজুরদের গ্রেপ্তার করা হয়েছে, এমন খবর ছড়িয়ে পড়ার পর হিস্পানিক অধ্যুষিত প্যারামাউন্ট শহরে বিক্ষোভ ছড়িয়ে পড়ে।

বিক্ষোভ এক পর্যায়ে সহিংসতায় রূপ নেয়। ছোড়া হয় ইটপাটকেল ও মলোটভ ককটেল। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে কর্তৃপক্ষ পিপার স্প্রে, রাবার বুলেট ও ধোঁয়ার বোমা ব্যবহার করে।

মূলত ভুয়া তথ্য বা গুজব থেকেই প্যারামাউন্ট শহরে এই বিক্ষোভ ছড়িয়ে পড়েছে বলে মনে করা হচ্ছে।

যুক্তরাষ্ট্রের হোমল্যান্ড সিকিউরিটি বিভাগ বা ডিএইচএস বলছে, ওই এলাকার অন্যান্য জায়গা থেকে বেশ কয়েকজন অভিবাসীকে আটক করা হলেও ওই দোকানে অভিযান চালানোর খবরটি ছিল ভুয়া।

ডিএইচএস আরো জানায়, ভুয়া খবর ছড়ালেও, লস অ্যাঞ্জেলসের কোনো হোম ডিপোতে আইসিই’র অভিযান পরিচালিত হয়নি।

হুয়ান তার দুই বন্ধুর সঙ্গে একটি ছোট টয়োটা পিকআপের গাড়ির পাশে দাঁড়িয়ে বললেন, “আসলে কেউই ঠিক জানে না কী ঘটেছে। সবাই ভয় পাচ্ছে।”

প্যারামাউন্টে বিক্ষোভের মধ্যে একটি গাড়িতে আগুন দেয়া, দোকানপাটে লুটপাট চালানো হয়। অভিবাসন বিরোধী অভিযানের জেরে লস অ্যাঞ্জেলেসজুড়ে যে সহিংসতা ছড়িয়ে পড়েছে, ফেডারেল কর্তৃপক্ষ ঘটনাটিকে ‘দাঙ্গা’ হিসেবেই আখ্যা দিচ্ছে।

লস অ্যাঞ্জেলসে কেন বিক্ষোভ চলছে?
শুক্রবার ইমিগ্রেশন কাস্টমস এনফোর্সমেন্ট বা আইসিই কর্মকর্তারা শহরের ল্যাটিন অধ্যুষিত এলাকায় অভিযান চালাচ্ছেন বলে প্রকাশ পাওয়ার পর বিক্ষোভ শুরু হয়।

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দ্বিতীয় মেয়াদে ক্ষমতায় আসার পর অবৈধ অভিবাসনের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার হুশিয়ারি দেন। এর পরপরই এসব অভিযান জোরদার হয়।

বিবিসি’র মার্কিন অংশীদার, সিবিএস নিউজ জানিয়েছে যে, সাম্প্রতিক অভিযানগুলি ওয়েস্টলেক জেলা এবং লস অ্যাঞ্জেলসের দক্ষিণে প্যারামাউন্টে সংঘটিত হয়েছে। যেখানে জনসংখ্যার শতকরা ৮২ শতাংশরও বেশি অধিবাসী হিস্পানিক।

হোম ডিপোর এই শাখা ঘিরে একটি গুজব থেকে লস অ্যাঞ্জেলেসে ট্রাম্প প্রশাসনের অভিবাসন দমনবিরোধী বিক্ষোভ ছড়িয়ে পড়ে। যদিও এটিকে ভুয়া বা মিথ্যা বলে কর্মকর্তারা বিবিসিকে জানিয়েছেন।

আইসিই পরে সিবিএসকে জানায় যে, শুক্রবার একটি কর্মস্থলে একক অভিযানে ৪৪ জন অনুমোদনহীন অভিবাসীকে গ্রেপ্তার করা হয়েছে। একই দিনে বৃহত্তর লস অ্যাঞ্জেলস এলাকায় আরও ৭৭ জনকে গ্রেপ্তার করা হয়েছে।

বিক্ষোভ কোথায় হচ্ছে এবং কী ঘটছে সেখানে?
বিক্ষোভ মূলত লস অ্যাঞ্জেলসের কেন্দ্রে সীমাবদ্ধ ছিল। কয়েকদিনের সংঘর্ষের পর পুলিশ যেটিকে “অবৈধ সমাবেশ এলাকা” বলেও ঘোষণা করেছে।

রোববার গাড়িতে আগুন লাগানো হয় এবং পুলিশ অভিযোগ করে যে বিক্ষোভকারীরা অশ্বারোহী টহল দলের বিরুদ্ধে দাহ্য বস্তু ব্যবহার করেছে। পরে দাঙ্গা নিয়ন্ত্রণে আনতে পুলিশ সদস্যরা ফ্ল্যাশ ব্যাং গ্রেনেড ও মরিচ গুঁড়ার স্প্রে ব্যবহার করে জনতাকে ছত্রভঙ্গ করে। এই সহিংসতার মধ্যেই ১০১ ফ্রিওয়ে সাময়িকভাবে বন্ধ এবং লুটপাটের খবরও পাওয়া যায়।

লস অ্যাঞ্জেলসের কেন্দ্রস্থল থেকে প্রায় ২০ মাইল দক্ষিণে প্যারামাউন্টের একটি হোম ডিপো দোকান আরেকটি গুরুত্বপূর্ণ বিক্ষোভস্থলে পরিণত হয়েছে। শনিবারও জড়ো হওয়া বিক্ষোভকারীদের দমাতে কাঁদানে গ্যাস ও গুলি চালানো হয়েছিল এবং রোববার সশস্ত্র ন্যাশনাল গার্ড সৈন্যরা কাছাকাছি একটি ব্যবসায়িক পার্কে পাহারা বসিয়েছিল।

লস অ্যাঞ্জেলস পুলিশ বিভাগ জানিয়েছে, তারা শনিবার ২৯ জনকে গ্রেপ্তার করেছে। রোববার আরও ২৭ জনকে গ্রেপ্তার করা হয়েছে।

রোববার সানফ্রান্সিসকোতে অস্থিরতার পর সেখানেও আরো ৬০ জনকে গ্রেফতার করা হয়েছে এবং এ সময় তিনজন কর্মকর্তা আহত হয়েছে বলেও জানিয়েছে পুলিশ।

লস অ্যাঞ্জেলস শহরের অন্যান্য স্থানে অবশ্য জীবনযাত্রা স্বাভাবিকই রয়েছে। কিছু এলাকা এলএ প্রাইড প্যারেড উপলক্ষে সপ্তাহ খানেক ধরেই বন্ধ রাখা হয়েছিল।

ন্যাশনাল গার্ড কী? ট্রাম্প কেন মোতায়েন করেছেন?
শনিবার, প্রেসিডেন্ট ট্রাম্প লস অ্যাঞ্জেলস এলাকায় দুই হাজার ন্যাশনাল গার্ড সদস্য মোতায়েনের নির্দেশ দেন। যা পরে রাজ্যে রাজনৈতিক বিরোধের জন্ম দেয়।

ন্যাশনাল গার্ড যুক্তরাজ্যের একটি সামরিক শাখা, যা রাজ্য ও ফেডারেল উভয় স্বার্থে কাজ করে। সাধারণত রাজ্য গভর্নরের অনুরোধে এটি কার্যকর করতে হয়।

তবে ট্রাম্প প্রায় অব্যবহৃত এই ফেডারেল আইন ব্যবহার করে গভর্নরের অনুমতি ছাড়াই এ বাহিনী মোতায়েন করেন। তার যুক্তি ছিল, এই বিক্ষোভ যুক্তরাষ্ট্র সরকারের কর্তৃত্বের বিরুদ্ধে এক ধরনের বিদ্রোহ।

১৯৬৫ সালের পর এই প্রথম কোনও গভর্নরের অনুরোধ ছাড়াই ন্যাশনাল গার্ড মোতায়েন করা হয়েছে সেখানে।

এই পদক্ষেপের তীব্র নিন্দা জানিয়েছে ক্যালিফোর্নিয়ার গভর্নর গ্যাভিন নিউসাম এবং লস অ্যাঞ্জেলসের মেয়র কারেন ব্যাস। তাদের দাবি ছিল, স্থানীয় পুলিশ এই পরিস্থিতি সামাল দিতে সক্ষম।

নিউসাম ট্রাম্পের এই সিদ্ধান্তকে “অবৈধ” বলে অভিহিত করেন এবং বলেন, এটি “আগুনে ঘি ঢালার মতো” কাজ করেছে। তিনি এ নিয়ে আইনি পদক্ষেপ নেয়ারও হুমকিও দিয়েছেন।

যদিও পরে আবার সোমবার লস অ্যান্জেলস এলাকায় আরো দুই হাজার ন্যাশনাল গার্ড ও ৭০০ মেরিন মোতায়েনের নির্দেশ দিয়েছেন ডোনাল্ড ট্রাম্প। সূত্র: বিবিসি বাংলা