সিল্কসিটিনিউজ ডেস্ক:

কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লে. কমান্ডার সাব্বির আলম সুজন এ তথ্য জানিয়েছেন।
সাব্বির আলম জানান, বৃহস্পতিবার দুপুরে জয়মনির ঘোল এলাকায় অবস্থিত কোস্ট গার্ড স্টেশনে একদল দুর্বৃত্ত অতর্কিতে হামলা ও ভাঙচুর চালায়। এতে সেখানে দায়িত্বরত কয়েকজন সদস্য আহত হন। তবে পরিস্থিতি নিয়ন্ত্রণে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে এবং ঘটনার প্রকৃত কারণ উদ্ঘাটনে যৌথ অভিযান পরিচালনা করা হচ্ছে।
সাব্বির আলম বলেন, সুন্দরবনের বিভিন্ন এলাকায় চুরি, ডাকাতিসহ নাশকতা প্রতিরোধে কোস্ট গার্ড নিয়মিত টহল, গোয়েন্দা নজরদারি এবং অভিযান পরিচালনা করে থাকে। বিশেষ করে সুন্দরবনের মোংলা থানাধীন জয়মনির ঘোল এলাকা দীর্ঘদিন ধরে বনদস্যু ও তাদের সহযোগীদের গুরুত্বপূর্ণ ঘাঁটি হিসেবে পরিচিত। এ কারণে ওই এলাকায় কোস্ট গার্ড স্টেশন স্থাপন করা হয়।
মিডিয়া কর্মকর্তা বলেন, প্রাথমিকভাবে পাওয়া তথ্য অনুযায়ী কিছু অসাধু চক্র নিজেদের অপকর্ম পরিচালনায় ওই স্থান থেকে কোস্ট গার্ডকে সরিয়ে দেওয়ার লক্ষ্যে পরিকল্পিতভাবে হামলা, ভাঙচুর, অপপ্রচার এবং বিভ্রান্তিমূলক কর্মকাণ্ড চালাচ্ছে। মূলত সুন্দরবনে বনদস্যু দমন, আইনশৃঙ্খলা রক্ষা এবং কোস্ট গার্ডের চলমান সফল কার্যক্রম বাধাগ্রস্ত করার উদ্দেশ্যেই এসব অপতৎপরতা চালাচ্ছে।
মিডিয়া কর্মকর্তা আরো বলেন, কোনো ধরনের অপপ্রচার, বিভ্রান্তিমূলক প্রচারণা কিংবা কুচক্রী মহলের ষড়যন্ত্র কোস্ট গার্ডের চলমান অভিযানিক কার্যক্রম ব্যাহত করতে পারবে না। এ ব্যাপারে গণমাধ্যমকর্মী, স্থানীয় জনগণকে প্রকৃত তথ্য যাচাই করে দায়িত্বশীল ভূমিকা পালনের অনুরোধ জানানো যাচ্ছে।









