রাজশাহী

হাদি ভাইয়ের বাংলাদেশে জীবন দিব, জুলাই দিব না:মহুয়া জান্নাত

নিউজ ডেস্ক২০ ডিসেম্বর ২০২৫২ মিনিট পড়া

নিজস্ব প্রতিবেদক  :

রাজশাহীতে এনসিপি যদি আওয়ামী লীগের দোসর, সুবিধাবাদী ও নৈতিকভাবে দেউলিয়া ব্যক্তিদের বাদ দিয়ে ভাইটাল পদে বসানোর মতো যোগ্য মানুষ খুঁজে না পায়;
যদি এনসিপির নাম ব্যবহার করে জুলাই আন্দোলনকে বিক্রি করে কোটিপতি হওয়া, অস্ত্র–মাদক কারবার, নারী কেলেঙ্কারি ও নানা ধরনের দুর্নীতির সঙ্গে জড়িত মুখোশধারীদের বিরুদ্ধে অবিলম্বে ও দৃশ্যমান সাংগঠনিক ব্যবস্থা না নেয়—
তাহলে রাজশাহীর মাটিতে এনসিপির এই ভণ্ড রাজনীতির বিরুদ্ধে সর্বাত্মক, শান্তিপূর্ণ ও গণতান্ত্রিক প্রতিরোধ গড়ে তোলা হবে, ইনশাআল্লাহ।

স্পষ্ট করে বলে রাখছি—রাজশাহী কোনো দালাল তৈরির কারখানা নয়, কোনো রাজনৈতিক লেবেল ব্যবহার করে অপরাধ আড়াল করার জায়গাও নয়।
রাজশাহীতে কে রাজনীতি করবে, কীভাবে করবে—তা রাজশাহীর বীর জুলাই যোদ্ধারা ঠিক করবে। যারা আন্দোলনের আ তেও ছিল না তাদের বিন্দুমাত্র কোন ছাড় দেওয়া হবে না।
আর যারা অপরাধ, দুর্নীতি আর সুবিধাবাদের ওপর দাঁড়িয়ে রাজনীতি করতে চায়, তাদের রাজনৈতিক ভবিষ্যৎ রাজশাহীতেই সমাপ্ত হবে— আপনাদের বহু তামাশা দেখেছি স্পষ্ট ভাবে এই বার্তা আজই দিয়ে রাখলাম।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে রাজশাহীতে আমার ভূমিকার সাক্ষী আপনারাই।
রাজপথে যখন অন্যায় মাথাচাড়া দিয়ে উঠেছে, তখন আমি নীরব থাকিনি।
আন্দোলন-পরবর্তী সময়ে অস্ত্র উদ্ধার, মাদক উদ্ধার, লুটপাটকৃত মালামাল উদ্ধার ও ফেরত, বাজার মনিটরিং, ট্রাফিক নিয়ন্ত্রণ, নিয়মিত পেট্রোলিং—এমনকি রাজশাহীর চিড়িয়াখানা ও বরেন্দ্র জাদুঘরের মতো গুরুত্বপূর্ণ স্থাপনাগুলোর নিরাপত্তায় নেতৃত্ব দিয়েছি বুক উঁচু করে।

আমি মাথা উঁচু করে গর্বের সঙ্গে বলতে পারি—
জুলাইকে ব্যবহার করে আজ পর্যন্ত কোথাও একবিন্দু পরিমাণ ব্যক্তিগত সুবিধা নেইনি।
কারণ জুলাই আমার কাছে কোনো সিঁড়ি নয়,
জুলাই আমার কাছে শপথ—
ন্যায়ের, আত্মত্যাগের আর আপসহীন অবস্থানের।

কিন্তু আজ স্পষ্ট করে বলতে চাই—
যারা জুলাইকে পুঁজি করে ক্ষমতা, অর্থ আর ব্যক্তিগত স্বার্থ হাসিল করেছে, তাদের সময় শেষ।
জুলাই আর কারও মুখোশ হবে না,
জুলাই আর কারও ব্যবসা হবে না।

আমি কোনো দলের দোসর নই,
আমি কোনো সুবিধাভোগীর ছায়া নই—
আমি রাজশাহীর রাজপথে দাঁড়ানো এক প্রতিবাদী কণ্ঠ।