বাঘা প্রতিনিধি :
রাজশাহীর বাঘার পদ্মার চরে হত্যা মামলা তুলে না নেওয়ায় আসামিরা বাদির বাড়ি-ঘর ভাংচুর ও নগদ টাকাসহ গরু-ছাগল লুটপাট করেছে আসামীর লোকজন। এ ঘটনায় ৭জনকে অভিযুক্ত করে থানায় একটি মামলা করা হয়েছে।
আজ বুধবার সকাল ৭টার দিকে পদ্মার চরের পলাশী ফতেপুর চরে এ ঘটনা ঘটে।

জানা যায়, হত্যা মামলা তুলে না নেওয়ায় বাঘা উপজেলার পদ্মার চরের চকরাজাপুর ইউনিয়নের পলাশী ফতেপুর গ্রামের নুরুল ইসলামের বাড়িতে একই গ্রামের শাহাজান ডাক্তার, ফজল ব্যাপারী, বাবলু ব্যাপারী, লাভলু হোসেন, রবিউল ইসলাম, পারভিন বেগম, জব্বার আলীসহ ৯ থেকে ১০ জন একত্রিত হয়ে লাঠি, লোহার রড়, ধারালো হাসুয়া নিয়ে বুধবার সকাল ৭টার দিকে হামলা চালানো হয়।
এই হামলায় বাড়ির লোকজনকে মারপিট করে বাড়ি-ঘর ভাচুর ও নগদ ৫০ হাজার টাকাসহ দুটি অষ্টোলিয়ান গাভী, ৬টি ছাগল জোর পূর্বক লুটপাট করে নিয়ে যায়।
উল্লেখ্য, ২০১৪ সালের ২০ সেপ্টেম্বর প্রেমে বাধা দেওয়ায় নুরুল ইসলামের স্ত্রী সোনা বানুকে হত্যা করে হামলাকারীরা। এব্যাপারে পরের দিন বাঘা থানায় একটি হত্যা মামলা করা হয়। এই মামলার আসামীরা বুধবার সকালে হামলা চালিয়ে টাকা, গরু-ছাগল লুটপাট করে নিয়ে যায়।
এ ব্যাপারে বাড়ির মালিক নুরুল ইসলামের ছেলে আনিসুর রহমান পচু বাদি হয়ে বাঘা থানায় অভিযোগ দায়ের করেন।
চকরাজাপুর ইউনিয়নের চেয়ারম্যান আজিযুল আযম বলেন, উভয়ের মধ্যে একটি ভূল বুঝাবুঝির কারনে থানায় মামলা হয়েছিল। কিছুদিন পর স্থানীয়ভাবে সমঝোতা হয়। কিন্তু বাদি নুরুল ইসলাম মামলাটি তুলে না নেওয়ায় এই ঘটনাটি ঘটেছে।
বাঘা থানার অফিসার ইনচার্জ (ওসি) আলী মাহমুদ বলেন, বাড়ি-ঘর ভাচুর ও লুটপাটের বিষয়ে একটি অভিযোগ পেয়েছি। তাৎক্ষনিক ঘটনাস্থলে পুলিশ অফিসার পাঠিয়ে দেওয়া হয়েছে। পুলিশ ঘটনাস্থল থেকে না আসা পর্যন্ত কিছুই বলা যাচ্ছে না।
স/আ










