স্বাস্থ্য

স্ট্রোক আসার আগে শরীর যেভাবে সতর্ক করে

নিউজ ডেস্ক২৩ সেপ্টেম্বর ২০২৫২ মিনিট পড়া

সিল্কসিটিনিউজ ডেস্ক :

হঠাৎ কথা বলতে বলতে জিভ ভারী হয়ে এলো, বোঝাতে গিয়েও দেখা গেল হাত তোলাও সম্ভব হচ্ছে না। শরীরের এক পাশ অবশ হয়ে গেল কয়েক মিনিটের জন্য। পরে আবার সব ঠিক হয়ে গেল, তাই গুরুত্ব না দিয়ে বিষয়টি এড়িয়ে গেলেন। কিন্তু কিছুদিন পরেই হলো ভয়াবহ এক ব্রেনস্ট্রোক।

যার ফল হতে পারত মরণাপন্ন।
স্ট্রোক এমন একটি রোগ, যা চুপিসারে এসে আঘাত হানে। এর উপসর্গ সবার ক্ষেত্রে এক রকম না হলেও, কিছু পূর্বসংকেত অনেক সময় আগেই দেখা দেয়। সেগুলো চিনে রাখলে বড় বিপদের আগে ব্যবস্থা নেওয়া সম্ভব।

চলুন, জেনে নিই কী কী লক্ষণ হতে পারে স্ট্রোকের পূর্বে।
অচেনা ভার্টিগো বা মাথা ঘোরা
হঠাৎ মাথা ঘোরাতে শুরু করা, চোখে অন্ধকার দেখা বা দৃষ্টিশক্তি কিছু সময়ের জন্য ঝাপসা হয়ে যাওয়া। দাঁড়িয়ে, বসে বা কাজ করতে করতেই এই সমস্যা হতে পারে। এ ধরনের মাথা ঘোরা ভাব যদি নিয়মিত হতে থাকে, তাহলে চিকিৎসকের পরামর্শ নেওয়া উচিত।

শরীরের এক পাশে ব্যথা ও অসাড় ভাব
বিশেষ করে শরীরের বাঁ পাশ; হাত, কাঁধ বা মুখে ব্যথা ও অসাড়তা অনুভব করলে সতর্ক হতে হবে। মুখের পেশি মাঝে মাঝেই কেঁপে ওঠা বা কথা বলার সময় মুখ বেঁকে যাওয়া স্ট্রোকের প্রাথমিক লক্ষণ হতে পারে।

দৃষ্টিশক্তির সমস্যা
চোখে ঝাপসা দেখা বা ডাবল ভিশনের সমস্যা দেখা দিতে পারে। এই লক্ষণগুলো যদি বারবার হয়, তাহলে তা উপেক্ষা না করাই ভালো।

মাথা ব্যথা
প্রায়ই মাথায় তীব্র যন্ত্রণা হতে পারে, যা অনেকেই মাইগ্রেন ভেবে ব্যথানাশক খেয়ে ফেলেন।

কিন্তু এই ভুলেই বিপদ আরো বাড়তে পারে।
কথা জড়ানো বা জিভ ভারী লাগা
কথা বলার সময় জিভ জড়িয়ে যাওয়া বা উচ্চারণ স্পষ্ট না হওয়া স্ট্রোকের পূর্বলক্ষণ হতে পারে। এমনটি যদি বারবার হয়, দ্রুত চিকিৎসকের শরণাপন্ন হওয়া প্রয়োজন।

হাত-পায়ে দুর্বলতা বা চলাফেরায় সমস্যা
মস্তিষ্কে রক্ত সরবরাহে ব্যাঘাত ঘটলে তা পেশির ওপর প্রভাব ফেলে। ফলে হাত-পা নাড়াতে অসুবিধা হয়, চলাফেরায় ভারসাম্য নষ্ট হয়।

স্ট্রোক হঠাৎ হলেও, তার কিছু পূর্বলক্ষণ প্রায়ই আমাদের শরীর ইঙ্গিতে জানিয়ে দেয়। সেই সংকেতগুলো চিনে রাখুন, অবহেলা করবেন না। প্রয়োজনে দ্রুত চিকিৎসকের পরামর্শ নিন। সময়মতো চিকিৎসা নিলে স্ট্রোকের মারাত্মক ফল এড়ানো সম্ভব।

সূত্র : আনন্দবাজার