সিল্কসিটিনিউজ ডেস্ক:
ডিআর কঙ্গোর বিপক্ষে পিছিয়ে পড়ার পর দুর্দান্তভাবে ঘুরিয়ে দাঁড়িয়ে ২-১ গোলের জয় ছিনিয়ে নিয়েছে ইংল্যান্ড।
ইংলিশদের সামনে এবার আরো কঠিন পরীক্ষা।

বাংলাদেশ সময় আগামী সোমবার (৬ জুলাই) সকালে শেষ ষোলোর ম্যাচে বিশ্বকাপের সহ-আয়োজক মেক্সিকোর মুখোমুখি হবে টমাস টুখেলের দল।
খেলাটি হবে মেক্সিকো সিটির ঐতিহাসিক আজকেতা স্টেডিয়ামে। এই মাঠে টানা ২৫ ম্যাচ অপরাজিত মেক্সিকো। স্বাগতিকরা এখানে সর্বশেষ হেরেছিল ২০১৩ সালের সেপ্টেম্বরে।
এই পরিসংখ্যান ইংল্যান্ডকে ভড়কে দেওয়ার মতোই। তবে কোচ টুখেলের বিশ্বাস, দেশবাসীর সমর্থন পেলে মেক্সিকোকে তাদেরই মাটিতে হারানো সম্ভব। বিশেষ করে ইংল্যান্ডের শিশুদের সমর্থন চান জার্মান কোচ টুখেল।
কিন্তু ম্যাচটি ইংল্যান্ডের সময় রাত ১টায় শুরু হবে।
অভিভাবকরা কি সন্তানদের রাত জেগে খেলা দেখতে দেবেন? কারণ, সকালে বাচ্চাদের স্কুলে যেতে হবে।
সাংবাদিকদের এই প্রশ্নে অভিভাবকদের উদ্দেশে টুখেল মজা করে বলেছেন, ‘স্কুলের জন্য একটি অজুহাতপত্র লিখে দিন। তারপর ওদের খেলা দেখতে দিন। স্কুলে যাওয়ার সুযোগ তো অনেক আসে; কিন্তু বিশ্বকাপ আসে চার বছর পর পর। এই ম্যাচের জন্য আমাদের সবার সমর্থন দরকার, বিশেষ করে শিশুদের।
’
TUCHEL
ইংল্যান্ডের কোচ টমাস টুখেল। ছবি: এফএ
এবারের বিশ্বকাপে মেক্সিকো এখনো গোল খায়নি। গ্রুপ পর্বের তিন ম্যাচে ক্লিনশট রাখার পর রাউন্ড অব ৩২-এ ইকুয়েডরকে ২-০ গোলে হারিয়ে শেষ ষোলোয় উঠেছে তারা। বজ্রঝড়ের কারণে এই ম্যাচ শুরু হতে এক ঘণ্টা দেরি হয়েছে।
মেক্সিকোর খেলা দেখে কী বুঝলেন—এমন প্রশ্নের জবাবে টুখেল বলেন, ‘আবহাওয়ার কারণে খেলা দেরিতে শুরু হওয়ায় আমি প্রথমার্ধ দেখেই ঘুমিয়ে পড়েছি। পরে ফল দেখলাম, গোল না খেয়েই মেক্সিকো জিতেছে। ওদের বিপক্ষে ম্যাচটি আমাদের জন্য খুবই চ্যালেঞ্জিং হবে।’










