জাতীয়

স্কুলছাত্রী লাঞ্ছিত : অভিযুক্তকে লঘু দণ্ড, ভুক্তভোগীকে টিসি

নিউজ ডেস্ক৮ আগস্ট ২০২৬২ মিনিট পড়া

সিল্কসিটিনিউজ ডেস্ক:

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে এক স্কুলছাত্রীকে লাথি মারার ভিডিও ফেসবুকে ভাইরালের পর ভুক্তভোগীকে বিদ্যালয় থেকে ছাড়পত্র (টিসি) দিয়ে বহিষ্কার করেছে কর্তৃপক্ষ। গত বৃহস্পতিবার (৬ আগস্ট) ভিডিওটি ফেসবুকে ভাইরাল হলে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়।

​জানা যায়, প্রায় এক মাস আগে কাঁচপুরের ওমর আলী উচ্চ বিদ্যালয়ের চতুর্থ শ্রেণির এক ছাত্রী হেঁটে যাওয়ার সময় সাড়ে ১১ বছর বয়সী এক কিশোর কোনো কারণ ছাড়াই তাকে পেছন থেকে পরপর দুটি লাথি মারে। গত বৃহস্পতিবার (৭ আগস্ট) ভিডিওটি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ভাইরাল হলে স্থানীয় সালিসে অভিযুক্ত কিশোরকে কান ধরে উঠবস করিয়ে ক্ষমা চাওয়ানো হয়। অভিযুক্ত কিশোর ওই এলাকার স্থানীয় বাসিন্দা বলে জানা গেছে।

​তবে ন্যায়বিচার পাওয়ার বদলে ভুক্তভোগীকে শাস্তি দিয়েছে বিদ্যালয় কর্তৃপক্ষ।

স্কুল চলাকালীন বাইরে থাকার কারণে কর্তৃপক্ষ ভুক্তভোগী ছাত্রীকে টিসি দিয়ে বের করে দিয়েছে বলে জানা গেছে।
ছাত্রীর বাবা ক্ষোভ প্রকাশ করে বলেন, ঘটনার সময় স্কুল চলাকালীন বাইরে ঘোরাফেরা করার অভিযোগে মেয়েকে টিসি দিয়েছে বিদ্যালয় কর্তৃপক্ষ। এখন নতুন স্কুলে ভর্তির জন্য দ্বারে দ্বারে ঘুরতে হচ্ছে।

​এ বিষয়ে বিদ্যালয়ের প্রধান শিক্ষক বলেন, স্কুল কমিটির সিদ্ধান্ত অনুযায়ী তাকে টিসি দেওয়া হয়েছে এবং ঘটনাটি স্কুলের সীমানার বাইরে ঘটেছে।

​এ বিষয়ে সোনারগাঁ থানার পরিদর্শক (তদন্ত) মো. আনোয়ার হোসেন জানান, চাঞ্চল্যকর এই ভিডিওটি পুলিশের নজরে এসেছে। তবে শেষ খবর পাওয়া পর্যন্ত ভুক্তভোগী পরিবারের পক্ষ থেকে থানায় কোনো লিখিত অভিযোগ করা হয়নি। অভিযোগ পেলে বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।