সিল্কসিটিনিউজ ডেস্ক:
সৌদি আরবের নতুন গ্র্যান্ড মুফতি হিসেবে নিয়োগ পেলেন দেশটির বিশিষ্ট ইসলামী পণ্ডিত ও আলেম শেখ ড. সালেহ বিন ফাওজান বিন আবদুল্লাহ আল-ফাওজান। বাদশাহ সালমান বিন আবদুল আজিজ আল সৌদের জারি করা এক রাজকীয় আদেশে বিষয়টি জানানো হয়েছে।
একই আদেশে তাঁকে সৌদি সিনিয়র আলেম পরিষদের চেয়ারম্যান এবং গবেষণা ও ফতোয়াবিষয়ক সভাপতির দায়িত্বও অর্পণ করা হয়েছে। এই পদে মন্ত্রীর মর্যাদায় দায়িত্ব পালন করবেন তিনি।

সৌদির রাজকীয় আদালতের পক্ষ থেকে জানানো হয়েছে, নতুন গ্র্যান্ড মুফতির নিয়োগ অবিলম্বে কার্যকর হবে।
ড. সালেহ আল-ফাওজান দীর্ঘদিন ধরে সৌদি আরবের শীর্ষস্থানীয় ইসলামী আলেম হিসেবে পরিচিত। তিনি দীর্ঘ সময় ধরে সিনিয়র আলেম পরিষদের সদস্য, স্থায়ী ফতোয়া কমিটির সদস্য এবং ইসলামী বিশ্ববিদ্যালয়ে অধ্যাপক হিসেবে দায়িত্ব পালন করেছেন।
তাঁর জন্ম ১৯৩৫ সালের ২৮ সেপ্টেম্বর সৌদি আরবের আল-কাসিম প্রদেশে।
বাবার মৃত্যুর পর তিনি স্থানীয় একজন ইমামের কাছে পবিত্র কোরআন অধ্যয়ন করেন এবং পরবর্তী সময়ে দীর্ঘদিন রেডিওতে ‘নূর আলা আল-দারব’ অনুষ্ঠান এবং টেলিভিশনে নিয়মিত উপস্থিতির মাধ্যমে একজন পণ্ডিত হিসেবে খ্যাতি অর্জন করেন।
তিনি ইসলামী ফিকহ, আকিদাহ ও শরিয়াহ আইন বিষয়ে অসংখ্য গ্রন্থ রচনা করেছেন। আরবি ভাষায় রচিত এসব গ্রন্থ বিশ্বব্যাপী ইসলামী শিক্ষাপ্রতিষ্ঠানে পাঠ্যপুস্তক হিসেবে ব্যবহৃত হচ্ছে।
তাঁর দাওয়াতি কাজ, সুদৃঢ় শরিয়াহভিত্তিক চিন্তাধারা এবং ইসলামী সমাজে ইতিবাচক প্রভাব তাঁকে শুধু সৌদি আরবেই নয়, গোটা মুসলিম বিশ্বে অত্যন্ত সম্মানিত ব্যক্তিত্বে পরিণত করেছে।
ধর্মবিষয়ক বিশ্লেষকরা মনে করছেন, ড. আল-ফাওজানের নেতৃত্বে সৌদি আরবের ধর্মীয় গবেষণা, ফিকহ ও ফতোয়া কার্যক্রম আরো শক্তিশালী ও প্রভাবশালী হবে।
এর আগে সৌদি আরবের গ্র্যান্ড মুফতি ছিলেন শীর্ষ ইসলামী পণ্ডিত শেখ আবদুল আজিজ আল-শেখ, যিনি দীর্ঘদিন ধরে এই গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করেছেন। গত ২৩ সেপ্টেম্বর ২০২৫ তিনি ৮১ বছর বয়সে ইন্তেকাল করেন।









