সিল্কসিটিনিউজ ক্রীড়া ডেস্ক:
স্প্যানিশ কোপা ডেল রের সেমিফাইনালের ড্র আজ শুক্রবার অনুষ্ঠিত হয়েছে। ফাইনালে যাওয়ার লড়াইয়ে কঠিন প্রতিপক্ষই পেয়েছে বার্সেলোনা। ফাইনালে যাওয়ার লড়াইয়ে কোপা ডেল রের ১০ বারের চ্যাম্পিয়ন অ্যাটলেটিকো মাদ্রিদকে পেয়েছে মেসি-নেইমার-সুয়ারেজরা। অন্যদিকে আলাভেসকে পেয়েছে সেল্টা ভিগো। সেল্টা ভিগো এর আগে তিনবার ফাইনাল খেলেছে। কিন্তু একবারও শিরোপা জিততে পারেনি।
১ ফেব্রুয়ারি প্রথম লেগে অ্যাটলেটিকো মাদ্রিদের মাঠে খেলবে বার্সা। আর ৭ ফেব্রুয়ারি দ্বিতীয় লেগে ঘরের মাঠ ন্যু ক্যাম্পে অ্যাটলেটিকো মাদ্রিদকে আতিথ্য দেবে কাতালানরা। এ পর্যন্ত বার্সেলোনা রেকর্ড ২৮ বার কোপা ডেল রের শিরোপা জিতেছে। গেল দুই মৌসুমে কোচ লুইস এনরিকের তত্বাবধানে কোপা ডেল রের শিরোপা জিতেছে বার্সা।

এবারও যদি জিততে পারে তাহলে টানা তৃতীয়বারের মতো এনরিকের তত্বাবধানে কোপা ডেল রের শিরোপা জিতবে কাতালানরা। অবশ্য লুইস এনরিক আগেই বলে রেখেছিলেন যে কোপা ডেল রের ফাইনাল হবে সেল্টা ভিগোর বিপক্ষে। ড্রতে ইতিমধ্যে সেই লাইনআপ দাঁড়িয়ে গেছে। এক্ষেত্রে সেল্টা ভিগো যদি আলাভেসকে হারায় এবং বার্সেলোনা যদি অ্যাটলেটিকো মাদ্রিদকে হারাতে পারে, তাহলে এনরিকের প্রত্যাশিত ফাইনাল সম্ভব।

ফাইনালে বার্সেলোনাকে পাওয়ার বিষয়ে অ্যাটলেটিকো মাদ্রিদের মিডফিল্ডার কোকে বলেন, ‘বার্সেলোনা বিশ্বের অন্যতম সেরা দল। ফাইনালে তাদের পাওয়াটা দারুণ কিছু। আশা করছি কঠিন একটি লড়াই হবে।’
বার্সেলোনার ডিফেন্ডার সার্জি রবার্তো বলেন, ‘প্রথম লেগ অ্যাটলেটিকো মাদ্রিদের মাঠে। তাদের মাঠে গোল করাটা আমাদের জন্য গুরুত্বপূর্ণ হবে। আমরা আসলে উভয় লেগেই বড় ব্যবধান গড়ে জিততে চাই। তবে অ্যাটলেটিকো এমন একটি দল যাদের বিপক্ষে সব সময়ই আপনাকে সেরাটা দিয়ে খেলতে হবে।’
২০১৫ সালে কোপা ডেল রের কোয়ার্টার ফাইনালে অ্যাটলেটিকো মাদ্রিদকে দুই লেগে ৪-২ গোলে হারিয়ে সেমফাইনালে উঠেছিল বার্সেলোনা।
কোপা ডেল রের ফাইনাল ম্যাচটি ২৭ মে অনুষ্ঠিত হবে।
সূত্র: রাইজিংবিডি










