সদ্য প্রকাশিত
খেলা

সেদিকুল্লাহর প্রতিরোধের মুখে বাংলাদেশ

নিউজ ডেস্ক১৩ অক্টোবর ২০২৬২ মিনিট পড়া
সেদিকুল্লাহর প্রতিরোধের মুখে বাংলাদেশ

সিল্কসিটিনিউজ ডেস্ক:

আবুধাবিতে অনুষ্ঠিত একমাত্র টেস্টে বাংলাদেশের জয়ে পথে বাঁধা হয়ে দাঁড়িয়েছে আফগানিস্তানের ওপেনার সেদিকুল্লাহ অটল। টেস্টের পঞ্চম ও শেষ দিনে আফগান এই ওপেনার দুর্দান্ত এক সেঞ্চুরির সুবাদে শক্ত প্রতিরোধ গড়ে তুলেছে স্বাগতিকরা।

বাংলাদেশের দেওয়া ৪৭৯ রানের বিশাল লক্ষ্য তাড়া করতে নেমে শেষ সেশন পর্যন্ত লড়াই চালিয়ে যাচ্ছে আফগানরা। এই প্রতিবেদন লেখা পর্যন্ত দ্বিতীয় ইনিংসে আফগানিস্তানের সংগ্রহ ৬ উইকেটে ২৭১ রান। ম্যাচটি জিততে আফগানিস্তানের এখনো প্রয়োজন ২০৮ রান, বাংলাদেশের দরকার মাত্র ৪ উইকেট।

ম্যাচের চতুর্থ ইনিংসে ব্যাটিং করতে নেমে সেদিকুল্লাহ অটল টেস্ট ক্রিকেটের ইতিহাসে প্রথম আফগান ক্রিকেটার হিসেবে চতুর্থ ইনিংসে সেঞ্চুরি করার অবিস্মরণীয় কীর্তি গড়েছেন।

এটি তার টেস্ট ক্যারিয়ারের প্রথম বা মেডেন সেঞ্চুরি। একের পর এক উইকেট হারালেও এক প্রান্ত আগলে রেখে ৩১৫ বলে ৮টি চার ও ৩টি ছক্কার সাহায্যে ১০৬* রানে অপরাজিত আছেন এই বাঁহাতি ওপেনার।
পঞ্চম দিনে আফগানদের চেপে ধরতে দারুণ বোলিং করেছে বাংলাদেশ। পেসার এবাদত হোসেন ৪৬ রানে ৩টি এবং হাসান মাহমুদ ৬১ রানে ১টি উইকেট শিকার করেছেন।

এ ছাড়া স্পিনার মেহেদী হাসান মিরাজ ৫৮ রান খরচায় তুলে নিয়েছেন ২টি গুরুত্বপূর্ণ উইকেট।
খেলার বাকি আর মাত্র কয়েক ওভার। ঐতিহাসিক এই টেস্টের রোমাঞ্চকর শেষ সেশনে অটলের এই প্রতিরোধ ভেঙে বাংলাদেশ জয় ছিনিয়ে আনতে পারে কি না, সেটাই এখন দেখার বিষয়।