সদ্য প্রকাশিত
খেলা

সুপার কাপ পিএসজির সামনে কেমন দল নিয়ে নামছে অ্যাস্টন ভিলা

নিউজ ডেস্ক১২ আগস্ট ২০২৬২ মিনিট পড়া
সুপার কাপ পিএসজির সামনে কেমন দল নিয়ে নামছে অ্যাস্টন ভিলা

সিল্কসিটিনিউজ ডেস্ক:

উয়েফা সুপার কাপের হাইভোল্টেজ ম্যাচে আজ রাতে অস্ট্রিয়ার সালজবার্গে প্যারিস সেন্ট জার্মেইয়ের (পিএসজি) মুখোমুখি হতে যাচ্ছে অ্যাস্টন ভিলা। তবে মহাগুরুত্বপূর্ণ এই লড়াইয়ের আগে বড় ধাক্কা খেয়েছে ইংলিশ ক্লাবটি।

দলের তিন নির্ভরযোগ্য তারকা—এমিলিয়ানো মার্তিনেজ, এজরি কোনসা এবং ওলি ওয়াটকিন্সকে ছাড়াই মাঠে নামতে হচ্ছে তাদের।
গত সপ্তাহে ঘোষিত দলে এই তিন তারকার নাম থাকলেও ম্যাচপূর্ব সংবাদ সম্মেলনে ভিলা ম্যানেজার উনাই এমেরি পরিষ্কার জানিয়ে দিয়েছেন, পর্যাপ্ত বিশ্রামের প্রয়োজনীয়তার কারণেই এই ট্রফি লড়াইয়ে তাদের কাউকেই খেলানো হচ্ছে না।

প্রতিপক্ষের চিত্র অবশ্য ঠিক বিপরীত। পিএসজি শিবির বিশ্বকাপ কাঁপানো তারকাদের ফিরে পেয়েছে বেশ ভালোভাবেই।

উসমান দেম্বেলে, ব্রাডলি বারকোলা, ফাবিয়ান রুইসের পাশাপাশি সাবেক ভিলা লেফট-ব্যাক লুকাস দিনিয়েও যোগ দিয়েছেন দলে, যিনি গত রবিবারই আনুষ্ঠানিকভাবে ইউরোপসেরা ক্লাবটিতে যোগ দেন। মঙ্গলবার সন্ধ্যায় পুরোদমে অনুশীলন করেছে লুইস এনরিকের শিষ্যরা। অন্যদিকে অস্ট্রিয়ার উদ্দেশে উড়াল দেওয়ার আগে নিজেদের হোম গ্রাউন্ড বার্মিংহামেই মূল অনুশীলন সেরেছে অ্যাস্টন ভিলা।
মার্তিনেজ, কোনসা ও ওয়াটকিন্স—তিনজনই সদ্য সমাপ্ত বিশ্বকাপে নিজ নিজ দেশের হয়ে শেষ পর্যন্ত লড়াই করেছেন।

স্পেনকে চ্যাম্পিয়ন করা ফাইনালে আর্জেন্টিনার ১-০ গোলের হারে গোলপোস্ট সামলেছেন মার্তিনেজ। আর ফ্রান্সকে হারিয়ে তৃতীয় স্থান অর্জন করা ইংল্যান্ড দলের গুরুত্বপূর্ণ অংশ ছিলেন কোনসা ও ওয়াটকিন্স।
এদের বাদ পড়ার ব্যাখ্যায় মঙ্গলবার এমেরি বলেন, ‘ওরা গত ১৯ জুলাই বিশ্বকাপ অভিযান শেষ করেছে। আমি তাদের চার সপ্তাহের পূর্ণ ছুটি দিয়েছি, যা খেলোয়াড়দের জন্য পুরোপুরি আবশ্যক ছিল। অবশ্যই ওরা দলে থাকলে আমাদের জয়ের সম্ভাবনা অনেক বেশি থাকত।

তবে পিএসজিও আমাদের মতোই পরিস্থিতির মধ্য দিয়ে যাচ্ছে। চার সপ্তাহ আগে তরুণদের নিয়ে যেমন প্রস্তুতি শুরু করেছিলাম, এই ম্যাচের জন্যও আমরা তরুণদের নিয়েই নামছি। এই ম্যাচে পিএসজিই স্পষ্ট ফেভারিট।’
এই তিন অভিজ্ঞ তারকার অনুপস্থিতিতে স্কোয়াডে সুযোগ পেয়েছেন ২০ বছর বয়সী তরুণ ফুল-ব্যাক ট্রিস্টন রো এবং ১৭ বছর বয়সী প্রতিশ্রুতিশীল ফরোয়ার্ড ব্রায়ান মাদজো। আক্রমণভাগে ট্যামি আব্রাহামের সাথে বিকল্প হিসেবে থাকবেন মাদজো।

এছাড়া হাঁটুর চোট থেকে সেরে উঠতে থাকা জোহান মানজাম্বিকেও পাচ্ছে না ভিলা। অন্যদিকে ক্লাব ছেড়ে অন্য কোথায় পাড়ি জমানোর দলবদল সংক্রান্ত আলোচনার কারণে দেশে রেখে আসা হয়েছে লিওন বেইলিকেও।

তবে ভিলা সমর্থকদের জন্য স্বস্তির খবর নিয়ে এসেছেন অধিনায়ক জন ম্যাকগিন। গত সপ্তাহে হাঁটুতে চোট পেলেও পরীক্ষার পর জানা গেছে চোট গুরুতর নয়। ফিটনেস টেস্টে উত্তীর্ণ হওয়ায় পিএসজির বিপক্ষে তার মাঠে নামার জোরালো সম্ভাবনা রয়েছে।