সিল্কসিটিনিউজ ডেস্ক :
সুদানের আধাসামরিক বাহিনী র্যাপিড সাপোর্ট ফোর্সেস (আরএসএফ) ও তার মিত্ররা একটি সংবিধান স্বাক্ষর করেছে, যা সমান্তরাল সরকার গঠনের পথ প্রশস্ত করবে বলে মঙ্গলবার এর জোটের এক সদস্য জানিয়েছেন। এএফপির প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।
সুদান ফাউন্ডিং অ্যালায়েন্সের প্রস্তুতি কমিটির সদস্য আহমেদ তুকুদ লিসান এএফপিকে বলেন, ‘প্রতিষ্ঠাতা সনদে স্বাক্ষরকারী সব পক্ষ গত রাতে নাইরোবিতে সাংবিধানিক নথিতে স্বাক্ষর করেছে।’

এর আগে গত সপ্তাহে আরএসএফ ও তাদের রাজনৈতিক ও সামরিক অংশীদারদের জোট একটি সনদ স্বাক্ষর করে সুদানের বিদ্রোহী নিয়ন্ত্রিত অঞ্চলে ‘শান্তি ও ঐক্যের সরকার’ প্রতিষ্ঠার অঙ্গীকার করে।
সোমবার স্বাক্ষরিত ‘অন্তর্বর্তীকালীন সংবিধানে’ অন্তর্বর্তীকালীন সময়ের দায়িত্ব, বিকেন্দ্রীভূত শাসনব্যবস্থা ও নির্বাহী কর্তৃপক্ষের কাঠামো উল্লেখ করা হয়েছে বলে জানান লিসান। পরবর্তী পদক্ষেপ হবে সরকার গঠন, যা ‘সুদানের ভেতরে ঘোষণা করা হবে’ বলে তিনি জানিয়েছেন।
দুই বছর ধরে আরএসএফ ও নিয়মিত সেনাবাহিনীর মধ্যে চলা ধ্বংসাত্মক যুদ্ধে এক কোটি ২০ লাখের বেশি মানুষ বাস্তুচ্যুত হয়েছে এবং জাতিসংঘ একে বিশ্বের সবচেয়ে ভয়াবহ ক্ষুধা ও বাস্তুচ্যুতি সংকট হিসেবে বর্ণনা করেছে।
এএফপির হাতে পাওয়া আরএসএফের সংবিধানে ২৪ জন স্বাক্ষর করেছেন, যাদের মধ্যে রয়েছেন আরএসএফের উপপ্রধান আবদেল রহিম দাগলো।
এদিকে কেনিয়া আরএসএফ ও তার মিত্রদের আতিথ্য দেওয়ায় সমালোচিত হয়েছে। এর প্রতিবাদে গত মাসে সুদানের সেনাসমর্থিত সরকার নাইরোবি থেকে তাদের রাষ্ট্রদূতকে প্রত্যাহার করে। পাশাপাশি সুদানের পররাষ্ট্র মন্ত্রণালয় কেনিয়ার প্রেসিডেন্ট উইলিয়াম রুটোর বিরুদ্ধে ‘সুদানের মিলিশিয়ার আঞ্চলিক মিত্রদের সঙ্গে তার বাণিজ্যিক ও ব্যক্তিগত স্বার্থ’ অনুসারে কাজ করার অভিযোগ তোলে। পাশাপাশি পরোক্ষভাবে সংযুক্ত আরব আমিরাতের কথা ইঙ্গিত করা হয়েছে, যার বিরুদ্ধে সুদান ও পশ্চিমা দেশগুলো আরএসএফকে সমর্থন দেওয়ার অভিযোগ করা হয়েছে।
যদিও আমিরাত এই অভিযোগ অস্বীকার করেছে। তবে কেনিয়া জানুয়ারিতে আমিরাতের সঙ্গে একটি অর্থনৈতিক অংশীদারি চুক্তি স্বাক্ষর করেছে।
আরএসএফ ও সেনাবাহিনীর মধ্যে চলা যুদ্ধ দেশটিকে বিভক্ত করে ফেলেছে। সেনাবাহিনী উত্তরাঞ্চলের পাশাপাশি পূর্বাঞ্চলের নিয়ন্ত্রণ ধরে রেখেছে। অন্যদিকে আরএসএফ পশ্চিমাঞ্চলীয় দারফুরের প্রায় পুরোটাই এবং দক্ষিণের বিস্তীর্ণ এলাকা নিয়ন্ত্রণ করছে।
সূত্র: কালের কণ্ঠ










