বিজ্ঞান ও প্রযুক্তি

সীমার বাইরে কলড্রপ, প্রকৃত অবস্থা জানাতে চিঠি

নিউজ ডেস্ক২২ অক্টোবর ২০১৮২ মিনিট পড়া

সিল্কসিটিনিউজ ডেস্ক:

কলড্রপ নিয়ে গ্রাহক অসন্তোষ চরমে। অব্যাহতভাবে কথা বলার মাঝখানে কল কেটে যাওয়ার গ্রাহকদের ক্ষোভ বাড়ছে। খোদ বিটিআরসি বলছে, গ্রাহক পর্যায়ে অভিযোগ কয়েকগুণ বেড়েছে।

কলড্রপ নিয়ে গ্রাহক অসন্তোষ বাড়ায় অপারেটরদের কাছে এর ‘প্রকৃত অবস্থা ও এ সংক্রান্ত অভিযোগ’ বিষয়ে ব্যাখ্যা চেয়ে চিঠি দিয়েছে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন।

বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ রোববার জাতীয় সংসদে বলেন, ইদানিং লক্ষ্য করলে দেখা যাবে আমরা যারা গ্রামীণফোন ব্যবহার করি, প্রত্যেকটি কলে কলড্রপ হয়। একেকটি কলে ৩, ৪, ৫ বার ড্রপ হয়। এজন্য বার বার কল করতে হয়। এর সঙ্গে ব্যবসায়িক স্বার্থ জড়িত থাকতে পারে।

কলড্রপ নিয়ে সংসদে বক্তব্য দেবার পরের দিনই অপারেটরদের চিঠি দিলো বিটিআরসি।

এর আগেও ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রী মোস্তাফা জব্বার কলড্রপ নিয়ে অপারেটরদের বিরুদ্ধে উষ্মা প্রকাশ করেন।

অপারেটরগুলোর প্রতিনিধি হিসেবে এমডি, সিইও, চেয়ারম্যানদের নিকট সোমবার পাঠানো ওই চিঠির জবাব আগামী পাঁচ কর্মদিবসের মধ্যে চেয়েছে বিটিআরসি।

বিটিআরসির ইঞ্জিনিয়ারিং অ্যান্ড অপারেশনস বিভাগের পরিচালক মো. গোলাম রাজ্জাক স্বাক্ষরিত ওই চিঠির অনুলিপি পাঠানো হয়েছে ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রীর একান্ত সচিব, বিটিআরসির চেয়ারম্যানের একান্ত সচিব এবং অফিসগুলোতে।

চিঠিতে বলা হয়েছে, সাম্প্রতিক সময়ে মোবাইল অপারেটরদের কলড্রপ সংক্রান্ত অভিযোগ অব্যাহতভাবে বৃদ্ধি পেয়েছে। এমনকি বিষয়টি নিয়ে জাতীয় সংসদেরও কথা হয়েছে।

টেলিযোগাযোগ সেবার মান নিয়ে জনসাধারণের সচেতনতা বৃদ্ধি পেয়েছে। সেবার মান নিয়ন্ত্রণ বিটিআরসির একে অগ্রাধিকার দিয়েছে এবং তারা ড্রাইভ টেস্টের মাধ্যমে অপারেটরদের সেবার মান পরীক্ষা করে দেখছে বলে চিঠিতে বলা হয়।

বিটিআরসির বেঁধে দিয়েছে কলড্রপের হার সর্বোচ্চ ২ শতাংশ হতে পারবে। কিন্তু সাম্প্রতিক যে অভিযোগ বিটিআরসিতে এসেছে তাতে এর বাস্তব চেহেরা ভিন্ন বলে মনে করছে সংস্থাটি।

অবশ্য টেলিকম অপারেটররা দাবি করছে, তাদের কলড্রপের পরিমাণ বিটিআরসির বেঁধে দেওয়া পরিমাণের মধ্যেই আছে। কিন্তু তারপরও বিটিআরসি একটি কলে ৪ থেকে ৫ বার ড্রপের অভিযোগ পেয়েছে বলে চিঠিতে জানানো হয়।

এদিকে সোমবার ২০১৭ সালের সেপ্টেম্বর হতে ২০১৮ সালের সেপ্টেম্বর পর্যন্ত  সবগুলো অপারেটররের কলড্রপের পরিসংখ্যান প্রকাশ করেছে বিটিআরসি। পরিসংখ্যান মতে, কলড্রপে শীর্ষ অপারেটর গ্রামীণফোন, দ্বিতীয় রবি, তৃতীয় বাংলালিংক এবং চতুর্থ অবস্থানে রয়েছে সরকারি অপারেটর টেলিটক।