সিল্কসিটিনিউজ ডেস্ক:
অবশেষে কুড়িগ্রামের ভূরুঙ্গামারী উপজেলার দক্ষিণ বাঁশজানি সীমান্তের শূণ্য রেখায় স্থাপিত সিসি ক্যামেরাটি খুলে নিল বিএসএফ। গতকাল মঙ্গলবার রাত সাড়ে এগারোটার দিকে ক্যামেরাটি খুলে নেয় বিএসএফ।
বিএসএফের স্থাপিত ক্যামেরাটি খুলে নেওয়ার বিষয়টি ক্ষুদে বার্তায় সাংবাদিকদের জানিয়েছেন, বিজিবির কুড়িগ্রাম ২২ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্ণেল মুহাম্মদ মাসুদুর রহমান।

এর আগে, গত ৯ ফেব্রুয়ারি রবিবার রাত দুইটার দিকে উপজেলার পাথরডুবি ইউনিয়নের আন্তর্জাতীক সীমানা পিলার ৯৭৮/৯-এস এর কাছে সীমান্তের শূন্যরেখায় ভারতের অভ্যন্তরে দক্ষিণ বাঁশজানি ঝাকুয়াটারী (জোড়া) মসজিদের সামনে একটি ইউক্লিপটাস গাছে বাংলাদেশের দিকে তাক করে একটি সিসি টিভি ক্যামেরা স্থাপন করে ভারতের ১৬২ বিএসএফ ব্যাটালিয়নের ছোট গাড়লঝড়া ক্যাম্পের সদস্যরা।
ক্যামারাটি স্থাপনের পর থেকেই বিজিবি জোড়ালো প্রতিবাদ করে আসছিল। ১০ ফেব্রুয়ারি সোমাবার সারাদিন এ নিয়ে স্থানীয় বিজিবি-বিএসএফের মধ্যে কয়েক দফা বৈঠক হলেও সুরাহা হয়নি।
পরে মঙ্গলবার (১১ ফেব্রয়ারি) সকাল ১১টায় ওই সীমান্তে বিজিবি-বিএসএফের ব্যাটালিয়ন পর্যায়ে পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে বিজিবির কড়া প্রতিবাদে বিএসএফ ক্যামেরাটি অপসারণ করতে সম্মতি প্রকাশ করে।
বৈঠকে বিজিবির পক্ষে ছিলেন কুড়িগ্রাম ব্যাটালিয়ন (২২ বিজিবি) অধিনায়ক লে. কর্ণেল মুহাম্মদ মাসুদুর রহমান। বিএসএফ-এর পক্ষে ছিলেন ১৬২ বিএসএফ ব্যাটালিয়নের কমান্ডার শ্রী অনিল কুমার মনোজ।









