রাজশাহী

সিনিয়র সিটিজেনদের চিকিৎসায় রাজশাহীর প্রাইভেট হসপিটাল-ক্লিনিকে ৪০ শতাংশ ছাড়

নিউজ ডেস্ক২৯ অক্টোবর ২০২২২ মিনিট পড়া

নিজস্ব প্রতিবেদক:

সিনিয়র সিটিজেনদের নানাবিধ চিকিৎসাসেবার জন্য শতকরা ৪০ ভাগ ছাড় দেয়ার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ প্রাইভেট হসপিটাল, ক্লিনিক এন্ড ডায়াগনস্টিক ওনার্স এসোসিয়েশন। গত শুক্রবার (২৮ অক্টোবর) রাতে এসোসিয়েশনের সাধারণ সম্পাদক মোখলেসুর রহমান শাহ্ জাকি এ সংক্রান্ত একটি চিঠি ‘জাতীয় প্রবীণ নীতিমালা বাস্তবায়ন দাবি আদায় কমিটির’ নেতৃবৃন্দের কাছে হস্তান্তর করেন।

এ সময় তিনি বলেন, ‘গত ২৪ অক্টোবর এসোসিয়েশনের এক বিশেষ সভায় সিনিয়র সিটিজেন, মুক্তিযোদ্ধা ও প্রতিবন্ধীদের শতকরা ৪০ ভাগ ছাড় দেয়ার সিদ্ধান্ত গৃহীত হয়। প্রমাণসাপেক্ষে ইতোমধ্যেই এ সিদ্ধান্ত কার্যকর হয়েছে ‘ চিঠি হস্তান্তরকালে উপস্থিত ছিলেন- রাজশাহীর সমাজসেবা অধিদপ্তরের পরিচালক সৈয়দ মোস্তাক হাসান।

সিরোইলের পূবালী মার্কেটের কার্যালয়ে জাতীয় প্রবীণ নীতিমালা বাস্তবায়ন কমিটির এক সভায় কমিটির আহ্বায়ক রাজশাহী বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার প্রফেসর আব্দুস সালাম বাংলাদেশ প্রাইভেট হসপিটাল, ক্লিনিক এন্ড ডায়াগনস্টিক ওনার্স এসোসিয়েশন কর্তৃপক্ষকে কমিটির প্রস্তাবে সাড়া দিয়ে এই মহতী কাজের জন্য ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান। সভায় প্রধানমন্ত্রীর কাছে প্রেরিতব্য স্মারকলিপির বিষয়াবলী, স্থানীয়ভাবে অনুষ্ঠিতব্য সেমিনার এবং ঢাকায় জাতীয় প্রেসক্লাবে সাংবাদিক সম্মেলন করার বিষয়ে, প্রবীণদের সুযোগ সুবিধা ইত্যাদি নিয়ে আলোচনা করা হয়।

সভায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন- জাতীয় প্রবীণ নীতিমালা বাস্তবায়ন দাবি আদায় কমিটির যুগ্ম আহ্বায়ক অধ্যাপক ড. কাজী খায়রুল ইসলাম এবং গোলাম সারওয়ার, সদস্য সচিব প্রকৌশলী একেএম খাদেমুল ইসলামসহ সফিউদ্দিন আহমেদ, জাহিদুল ইসলাম, নাজমুল আবেদীন, জাহাঙ্গীর মো.আব্দুর রাজ্জাক,টিপু সুলতান,হাসনাত আমজাদ, মোরশেদ মনজুর হাসান, এনামুল হক, মিনহাজ উদ্দিন মিন্টু, শহীদুল ইসলাম প্রমুখ।

এএইচ/এস