
আদমদীঘি প্রতিনিধি :
করোনাভাইরাস সংক্রমণ প্রতিরোধে এবং গণজমায়েত এড়াতে বগুড়ার আদমদীঘির সান্তাহার পৌর এলাকার প্রতিটি ওয়ার্ডে কর্মহীন হয়ে পড়া দুস্থ,গরীব ও আসহায় মানুষের মাঝে সরকারি ভাবে বরাদ্দ ত্রাণের চাল ও টাকা রাতের অন্ধকারে পৌঁছে দিচ্ছেন কর্তৃপক্ষ। মানুষ যেন না খেয়ে থাকে এজন্য পৌরসভার বরাদ্দের পাশাপাশি মেয়র তার ব্যাক্তিগত তহবিল থেকেও নানা ভাবে সহযোগীতা করছেন।
জানা গেছে, প্রথম শ্রেণীর সান্তাহার পৌরসভায় ৪দফায় সরকারি ভাবে ত্রাণের চাল বরাদ্দ এসেছে ২০ মেট্রিক টন ও ৫০ হাজার টাকা। ৫ম দফায় আরো ১০টন চাল বরাদ্দ হবে বলে জানান কর্তৃপক্ষ। এরমধ্যে করোনায় কর্মহীন প্রায় ১ হাজার ৮০০ পরিবারের মাঝে প্রতিজনকে ৩০০ টাকা ও ১০ কেজি করে চাল সহায়তা দিয়েছেন। বরাদ্দকৃত এসব চাল ও টাকা প্রতিটি ওয়ার্ডে কাউন্সিলররা রাতের আন্ধকারে প্রতিটি বাড়িতে পৌঁছে দিচ্ছেন। আর এসব সুষ্টভাবে বন্টন হচ্ছে কিনা তা দেখভাল বা খবরদারি করছেন পৌর কর্তৃপক্ষ।

এছাড়া পৌরসভার পক্ষ থেকে প্রতিটি ওয়ার্ডে জীবাণুনাশক ওষুধ ছিটানো, মাইকিং ও সার্বক্ষনিক মনিটরিং কার্যক্রম অব্যাহত রয়েছে। ঢাকা, নারায়নগঞ্জ ও গাজীপুর ফেরতদের হোম কোয়ারেন্টিন নিশ্চিত করা হয়েছে।
সান্তাহার পৌরসভার মেয়র তোফাজ্জল হোসেন ভুট্টু জানান, করোনা প্রতিরোধ শুধু সরকারের একার পক্ষে সম্ভব নয়। সকলে সচেতন হলে তবেই করোনা প্রতিরোধ সম্ভব। করোনায় কর্মহীনরা অর্ধহারে অনাহারে যেন না থাকে এজন্য পৌরসভার বরাদ্দের পাশাপাশি আমি ব্যক্তিগত তহবিল থেকেও বিভিন্ন জায়গায় খাদ্যসামগ্রী সরবরাহ করছি।









