সিল্কসিটিনিউজ ডেস্ক:
সাতক্ষীরার শ্যামনগর উপজেলার মথুরাপুর এলাকায় অভিযান চালিয়ে বিপুল পরিমাণ কোডিনযুক্ত কোরেক্স সিরাপ, ভারতীয় বিড়িসহ মো. আব্দুল মজিদ শেখ (৩৬) নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে র্যাব-৬।
শনিবার (৪ জুলাই) দুপুরে র্যাব-৬-এর পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এর আগে শুক্রবার (৩ জুলাই) সন্ধ্যায় উপজেলার মথুরাপুর এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।
র্যাব-৬ সাতক্ষীরা কম্পানির অধিনায়ক (অতিরিক্ত পুলিশ সুপার) যায়েনউদ্দীন মোহাম্মদ জিহাদ জানান, মাদকের একটি চালান পাচার হচ্ছে—এমন গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালানো হয়। এ সময় মাদক পরিবহনে ব্যবহৃত দুটি ব্যাটারিচালিত ছোট কাভার্ড ভ্যান তল্লাশি করে ১ হাজার ৮৮৩ বোতল কোডিনযুক্ত কোরেক্স সিরাপ এবং ৩২০ ব্যাগ ভারতীয় বাপ্পা বিড়ি জব্দ করা হয়।
তিনি জানান, জব্দ করা আলামতের আনুমানিক অবৈধ বাজারমূল্য ১৮ লাখ ৮৩ হাজার টাকা।
র্যাবের এ কর্মকর্তা আরো বলেন, উদ্ধার করা আলামতসহ গ্রেপ্তার ব্যক্তির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর অধীনে মামল করে তাকে শ্যামনগর থানায় হস্তান্তর করা হয়েছে।









