সিল্কসিটিনিউজ ডেস্ক :
সাজেক ভ্যালি ভ্রমণ শেষে বাড়ি ফেরার পথে সড়ক দুর্ঘটনায় লিয়ন মাহমুদ নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। গতকাল বুধবার (২৪ সেপ্টেম্বর) বিকেলে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার পদুয়া এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
নিহত লিওন মাহামুদ (৩০) শরীয়তপুর জেলার ভেদরগঞ্জ থানার শরীয়তপুর গ্রামের মতিউর রহমানের ছেলে। সন্ধ্যায় কুমিল্লার মিয়াবাজার হাইওয়ে থানার ওসি মো. সাহাব উদ্দিন তথ্যটি নিশ্চিত করেন।

নিহতের সঙ্গে ভ্রমণে যাওয়া বন্ধু তৌহিদুল ইসলাম বলেন, ‘গত শনিবার রাতে ঢাকার মিরপুর শেখেরপাড়া থেকে দুই বন্ধু মোটরসাইকেলে করে রবিবার সকালে সাজেক পৌঁছাই। তিন দিন থাকার পর আজ (বুধবার) সকাল ১০টায় মোটরসাইকেল নিয়ে ঢাকার উদ্দেশে রওনা হই। মহাসড়কে চলতে চলতে বন্ধু লিওনের গাড়িটি পেছনে পড়ে যায়। তার জন্য থেমে পেছন ফিরে তাকিয়ে দেখি অনেকগুলো লোক জড়ো হয়েছে।
সেখানে গিয়ে দেখি বন্ধু লিওনের দেহ মহাসড়কে পড়ে আছে। উপস্থিত লোকজন থেকে জানতে পারলাম অজ্ঞাতনামা একটি বাস তাকে ধাক্কা মেরে চলে যায়। ঘটনাস্থলে তার মৃত্যু হয়।’
কুমিল্লা মিয়াবাজার হাইওয়ে থানার সার্জেন শামীম হোসেন মুঠোফোনে বলেন, ‘আমরা ঘটনাস্থলে গিয়ে তাকে মৃত পাই।
তার মুখের ওপর হয়ত টায়ারের চাপ লেগে থেঁতলে গেছে। তার চাচা এসেছেন ও তার বন্ধু এসেছেন। তার বাবা আসলে আইনগত পদক্ষেপ শেষে লাশটি পরিবারের কাছে হস্তান্তর করা হবে।’










