সিল্কসিটিনিউজ ডেস্ক:
ফেইসবুকের ৫ কোটি অ্যাকাউন্ট হ্যাক হওয়ার কথা দুই সপ্তাহ আগেই জানা গেছে।
এখন জানা গেলো, হ্যাকিংয়ের কারণে ৫ কোটি নয় বরং ক্ষতিগ্রস্ত হয়েছে ৩ কোটি অ্যাকাউন্ট। এসব তথ্য এক ব্লগ পোস্টে জানিয়েছ ফেইসবুক।

এর মধ্যে এক কোটি ৪০ লাখ অ্যাকাউন্ট থেকে ব্যক্তিগত তথ্য চুরি করেছে হ্যাকাররা। এসব ব্যক্তিগত তথ্যের মধ্যে ছিলো সার্চ হিস্ট্রি, লোকেশন ডেটা, রিলেশনশিপ স্ট্যাটাস, হোম টাউন, ডেট অব বার্থ। এছাড়াও, ব্যবহারকারী কোন ধর্মের অনুসারী, ফেইসবুকে ঢোকার সময় কোন ডিভাইস ব্যবহার করে থাকেন, কর্মস্থলের নাম, পেশা, চেক ইন করা সর্বশেষ ১০ টি স্থানের নাম বা ট্যাগ করা পোস্ট, ব্যবহারকারী যে সব পেইজ ফলো করেন সে বিষয়ও তথ্য নিয়েছে হ্যাকাররা।
ব্যবহারকারীর অ্যাকাউন্ট হ্যাকিংয়ের কারণে ক্ষতিগ্রস্ত হয়েছে কিনা তা জানতে এই ঠিকানায় ক্লিক করতে বলেছে ফেইসবুক।
হ্যাকাররা ৩ কোটি অ্যাকাউন্টের অ্যাক্সেস টোকেন পেতে প্রথমে ৪ লাখ অ্যাকাউন্টের নিয়ন্ত্রণ নিয়ে নেয়। ব্যবহারকারীরা সাধারণত পাসওয়ার্ড না লিখে সরাসরি অ্যাকাউন্টে প্রবেশ করার সময় অ্যাক্সেস টোকেন ব্যবহার করে থাকেন।
হ্যাকিংয়ের সঙ্গে কারা জড়িত সে সম্পর্কে কোনো তথ্য দেয়নি ফেইসবুক। তারা জানিয়েছে, এই হ্যাকিংয়ের পেছনে কারা জড়িত তা জনসম্মুখে প্রকাশ করতে কর্তৃপক্ষের নিষেধ করেছে। বর্তমানে এফবিআই হ্যাকিংয়ের ঘটনাটি তদন্ত করছে।
এর আগে গত ৫ অক্টোবর সোশ্যাল মিডিয়া জায়ান্টটি জানায়, ফেইসবুকের ভিউ অ্যাজ সুবিধার দুর্বলতা দিয়ে এই বিশাল হ্যাকের ঘটনা ঘটিয়েছে হ্যাকাররা। এই ভিউ অ্যাজ দিয়ে ব্যবহারকারী নিজের স্ট্যাটাস, পোস্টসহ ইত্যাদি তথ্য কাদের দেখাতে চান বা চান না, তা ঠিক করে থাকেন। হ্যাকাররা এখানে ফেইসবুকে ঢোকার পথ খুঁজে পেয়েছে, যা দিয়ে সহজেই অ্যাকাউন্টগুলো দখলে নিয়েছে।
বিবিসি ও সিএনবিসি অবলম্বনে









