সিল্কসিটিনিউজ ডেস্ক:
বগুড়ার শেরপুরের ফুলজোড় নদীর পানিতে চুবিয়ে কলেজছাত্র শাহিন আলমকে হত্যাচেষ্টার অভিযোগ পাওয়া গেছে।
মঙ্গলবার সন্ধ্যার দিকে এ ঘটনার সময় শাহিনের চিৎকার শুনে স্থানীয় কয়েকজন তাকে নদী থেকে উদ্ধার করে। পরে তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।

শাহিন আলম উপজেলার সুঘাট ইউনিয়নের সূত্রাপুর গ্রামের আবদুর রশিদের ছেলে। তিনি বগুড়ার সরকারি শাহ সুলতান কলেজের ডিগ্রির দ্বিতীয় বর্ষের ছাত্র।
অভিযোগে জানা গেছে, শাহিন আলম মঙ্গলবার সন্ধ্যার পর ফুলজোড় নদীর পাশ দিয়ে বাড়ি ফিরছিলেন। এ সময় অপরিচিত তিনজন পেছন থেকে তাকে চেপে ধরে হাত-পা বেঁধে নদীর মধ্যে নিয়ে পানিতে চুবিয়ে হত্যার চেষ্টা করে।
শাহিন চিৎকার করলে দুর্বৃত্তরা তাকে ফেলে দ্রুত পালিয়ে যায়। পরে নদী পারের লোকজন এসে তাকে উদ্ধার করে শেরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে।
এ ঘটনায় আহত শাহিনের চাচা হাফিজুর রহমান বাদী হয়ে ওইদিন রাতে অজ্ঞাত তিনজনের বিরুদ্ধে একটি লিখিত অভিযোগ দায়ের করেন।
শেরপুর থানার ওসি মো. হুমায়ুন কবীর বলেন, ঘটনা নিয়ে মঙ্গলবার রাতে থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। তদন্ত করে জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় নেয়া হবে।










