সিল্কসিটিনিউজ ডেস্ক:
দ্বিতীয়বারের মতো অনুষ্ঠিত হতে যাচ্ছে বাস্ক কালিনারি ওয়ার্ল্ড প্রাইজ ২০১৭। এক লাখ ইউরো মূল্যমানের এ পুরস্কারের জন্য প্রার্থী মনোনয়নের জন্য দক্ষিণ এশিয়াসহ দুনিয়াজুড়ে শেফদের প্রতি আহ্বান জানানো হয়েছে। উত্তম পানভোজনের মাধ্যমে সমাজের জন্য কাজ করা শেফ-দের স্বীকৃতি প্রদানই এ পুরস্কারের উদ্দেশ্য। এর মধ্য দিয়ে ভালো খাবারের প্রতি তাদের ভালোবাসাকে উৎসাহিত করা হবে।

স্পেনভিত্তিক বাস্ক কালিনারি সেন্টারের প্রধান জোক্সে মারি আইজেগা। তিনি বলেন, “এ বছর আমরা বিশেষ করে অধিক সংখ্যক দক্ষীণ এশীয় শেফের মনোনয়নকে উৎসাহিত করছি। দক্ষিণ এশিয়ায় শেফদের এ ধরনের বহু উদাহরণ রয়েছে যেখানে তারা সমাজে ইতিবাচক প্রভাব তৈরি করে। ভারতীয় শেফ সম্প্রদায়ের প্রত্যেককেই আমরা বাস্ক কালিনারি ওয়ার্ল্ড প্রাইজ-এর জন্য একজন শেফকে মনোনয়নের আমন্ত্রণ জানাচ্ছি।”
জোক্সে মারি আইজেগা বলেন, আমাদের বিশ্বাস দুনিয়াজুড়ে সমাজে উত্তম পানভোজনের একটা ইতিবাচক প্রভাব রয়েছে। এর দায়িত্ব বা কৃতিত্ব শেফদের ওপরই বর্তায়। আমাদের লক্ষ্য হচ্ছে বিশ্বজুড়ে শেফদের মহৎ কাজের দৃষ্টান্তগুলোকে উন্মোচন করা।
আগামী ২ মে পর্যন্ত এবারের পুরস্কারের জন্য মনোনয়ন প্রদানের সুযোগ থাকছে। বাস্ক কালিনারি’র ওয়েবসাইটে মাধ্যমে পছন্দের শেফকে মনোনীত করা যাবে।
আগামী ১৬ জুলাই মেক্সিকো সিটিতে বাস্ক কালিনারি সেন্টারের বৈঠকে এবারের আয়োজনের বিজয়ীকে বেছে নেওয়া হবে।
সূত্র: বাংলা ট্রিবিউন










