সিল্কসিটিনিউজ ডেস্ক:
২০১৫ সালের হিসাব অনুযায়ী, বিশ্বে চরম দরিদ্রদের সবচেয়ে বেশি সংখ্যক মানুষের বসবাস বাংলাদেশসহ ৫টি দেশে। এ দেশগুলো হল- ভারত, নাইজেরিয়া, কঙ্গো, ইথিওপিয়া ও বাংলাদেশ। তবে অর্থনৈতিক অগ্রগতির হার থেকে বলা যায়, ২০৩০ সালের মধ্যে ভারত ও বাংলাদেশে চরম দারিদ্র্য শূন্যে নেমে আসবে। এক্ষেত্রে পরিস্থিতি অপরিবর্তিত থাকতে পারে নাইজেরিয়া, কঙ্গো ও ইথিওপিয়ায়।
বিশ্বব্যাংকের ওয়েবসাইটে ‘হাফ অব দ্য ওয়ার্ল্ডস পোর লিভ ইন জাস্ট ফাইভ কান্ট্রিস’ শীর্ষক এক ব্লগে এসব কথা লিখেছেন দিব্যনশি ওয়াধওয়া। এতে বলা হয়েছে, ২০১৫ সালে বিশ্বে চরম দরিদ্রের সংখ্যা ছিল ৭৩ কোটি ৬০ লাখ। এর মধ্যে ৩৬ কোটি ৮০ লাখ, যা কিনা মোট সংখ্যার অর্ধেক, তাদের বসবাস ছিল ওই ৫টি দেশে। যেসব মানুষের দিনে আয় এক ডলার ৯০ সেন্টের চেয়ে কম, তাদের চরম দরিদ্র হিসেবে ধরা হয়।

তাদের শতকরা হার ২০৩০ সালের মধ্যে কমিয়ে ৩ ভাগের নিচে নামিয়ে আনতে টার্গেট নির্ধারণ করা হয়েছে বিশ্বব্যাপী। এক্ষেত্রে উল্লেখযোগ্য কর্মকাণ্ড পরিচালিত হচ্ছে। যদি এই ৫টি দেশের দারিদ্র্যকে কমিয়ে আনা যায় বড় আকারে, তাহলে তা হবে বিশ্বের ওই লক্ষ্যপূরণের ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ।









