চাঁপাইনবাবগঞ্জ

শিবগঞ্জে অতিথি পাখি শিকার করে চিকিৎসকের পিকনিক:তোলপাড়

নিউজ ডেস্ক১৪ ডিসেম্বর ২০১৬২ মিনিট পড়া

ভ্রাম্যামান প্রতিনিধি:
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসা কর্মকর্তা ডা. এএসএম মাহফুজুর রহমান রিগ্যানের বিরুদ্ধে পাখি শিকার করে পিকনি খাওয়ার অভিযোগ উঠেছে। দুটি শামুকখোল পাখি শিকারের পর তোলা দুটি ছবি ফেসবুকে দেয়ার পর এ নিয়ে  সমালোচনার ঝড় উঠে। যদিও সোমবার রাতে ওই ছবিগুলো ফেসবুক থেকে মুছে দেয়া হয়।

 
সাব্বির আহমেদ নামে এক ব্যক্তির ফেসবুক টাইমলাইনে তিনটি ছবি প্রকাশ করা হয়। ১১ ডিসেম্বর রাত ৯ টা ৫২ মিনিটে ছবিগুলো পোস্ট করা হয়।  তিনটির মধ্যে দুটি ছবিতে ছিলেন ডা. এএসএম মাহফুজুর রহমান রিগ্যান।

 
ছবিতে দেখা যায়, একটি আম বাগানে এয়ারগান হাতে দাড়িয়ে আছেন ডা. রিগ্যান। তার দুই পাশে শিকার করা দুটি শামুকখোল পাখি হাতে দাঁড়িয়ে আছেন দুই যুবক।
ছবির বিবরণ লেখা হয়েছে ইংরেজিতে। যেটার বঙ্গানুবাদ: ‘আমাদের সম্মানিত ও অতিপ্রিয় ডা. তার পছন্দের ডায়না ৩৫ এয়ারগান দিয়ে শামুখখোল পাখি মেরেছেন। আমরা এখন একটি পিকনিক পার্টি উপভোগ করছিল। আপনাদেরও আন্তরিক আমন্ত্রন জানাচ্ছি’।

 

সোমবার রাত পর্যন্ত ফেসবুকের ওই ছবিগুলোতে ৯৩ জন ‘লাইক’ ও ‘লাভ’ দিয়ে প্রতিক্রিয়া জানিয়েছেন। কমেন্ট করেছিলেন ১৮ জন। শেয়ার করেছেন আরো দুজন। কমেন্টে নির্ঝর মাহফুজ নামে একজন লিখেছেন, ‘এটা ঠিক নয়। আমাদের উচিত অতিথি পাখি শিকার বন্ধ করা। ওই কমেন্টের উত্তরে ডা. এএসএম মাহফুজুর রহমান লিখেছেন ‘এটা হালাল’।

 
চাঁপাইনবাবগঞ্জে পাখিসহ বন্যপ্রাণি সংরক্ষণে কাজ করছে সেভ দ্য নেচার নামে একটি স্বেচ্ছাসেবী সংগঠন। সংঠনের সমন্বয়কারী রবিউল হাসান ডলার জানান, বন্যপ্রাণী সংরক্ষন ও নিরাপত্তা আইন-২০১২ অনুযায়ী যে কোনো ধরনের পাখি শিকার নিষিদ্ধ। ওই আইনে পাখি শিকার, হত্যা, আটক ও ক্রয়-বিক্রয়ের জন্য সর্বোচ্চ দুই বছর কারাদণ্ড ও দুই লাখ টাকা জরিমানার বিধান রয়েছে।

 
অভিযোগের ব্যাপারে মুঠোফোনে যোগাযোগ করা হলে ডা. এএসএম মাহফুজুর রহমান রিগ্যান বলেন, পাখিগুলো অন্যরা মেরেছে। আমি এয়ারগান হাতে কেবল ছবি তুলেছি। এরপর আর কোনো কথা বলার সুযোগ না দিয়েই তিনি সংযোগটি বিচ্ছিন্ন করে দেন।

 
এ ব্যাপারে চাঁপাইনবাবগঞ্জ সিভিল সার্জন ডা. প্রধান মো. আবুল কালাম সিল্কসিটি নিউজকে  জানান, ডা. রিগ্যানের বিরুদ্ধে অভিযোগের ব্যাপারে এখনো কেউ তাকে অবহিত করেন নি। এই প্রতিবেদকের কাছ থেকেই তিনি প্রথম শুনলেন। ঘটনাটি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে। তিনি আরো বলেন, যেহেতু দেশের প্রচলিত আইনে পাখি শিকার নিষিদ্ধ। কাজেই পাখি শিকার করে ডা. রিগ্যান আইন বহির্ভূত কাজ করেছেন।

 
শিবগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা শফিকুল ইসলাম সিল্কসিটি নিউজকে বলেন, ঘটনাটি কি ঘটেছে আমার ঠিক জানা নেই।  আমি বিষয়টি খতিয়ে দেখব।
স/শ