ছবিঘর

শাকিব ও রাজের সঙ্গে তিথী

নিউজ ডেস্ক২৭ নভেম্বর ২০২৫২ মিনিট পড়া

সিল্কসিটিনিউজ ডেস্ক:

দেশের প্রথম সারির মডেল সৈয়দা তৌহিদা হক তিথী। অভিনয় করেছেন চলচ্চিত্রেও। এখনো সেই ছবি ‘মাসুদ রানা’ মুক্তির আলোয় আসেনি। তবে এবার তিনি একসঙ্গে দুটি বড় খবর নিয়ে হাজির।

সাকিব ফাহাদের আলোচিত ছবি ‘সোলজার’-এ অভিনয় করছেন তিনি। সঙ্গে দেশসেরা নায়ক শাকিব খান।
কয়েক দিন আগে ‘সোলজার’-এর শুটিংয়ের একটি দৃশ্য ভাইরাল হয় ফেসবুকে। যেখানে দেখা যায়, শাকিবের সঙ্গে সালসা নৃত্য করছেন এক তরুণী।

সকলে তখন ভেবেছিল, সেই তরুণী তানজিন তিশা। তবে তিথী জানালেন, সালসা-শিল্পী আসলে তিনি। ছবিটিতে কাজের অভিজ্ঞতা জানিয়ে তিথী বলেন, ‘ছবিতে আমার চরিত্রটাও গুরুত্বপূর্ণ। শাকিব ভাইয়া বড় তারকা।
তবে শুটিংয়ের অভিজ্ঞতা খুবই ভালো। তিনি যেমন কো-অপারেটিভ, পুরো টিমটাও ছিল গোছানো। অনেক গোপনীয়তা বজায় রেখেই শুটিং করা হয়েছিল। কিন্তু কিভাবে যেন সালসা ড্যান্সের একটা ক্লিপ ছড়িয়ে পড়ে।’
এদিকে মঙ্গলবার রাতে ফেসবুকে শরিফুল রাজের সঙ্গে একটি ছবি পোস্ট করেন তিথী।

সেটা দেখে সবার মনে কৌতূহল, কী করছেন তাঁরা? তিথী জানালেন, ফাহাদ খানের নির্মাণে একটি বিজ্ঞাপনচিত্রে অভিনয় করেছেন দুজনে। চার দিন ধরে শুটিং হয়েছে কক্সবাজারে। তিথীর ভাষ্য, ‘রাজ ভাইয়ার ক্যারিয়ারও মডেলিং দিয়েই শুরু। তাঁর সঙ্গে প্রথমবার স্ক্রিন শেয়ার করা হলো। আমাদের বেশ আগে থেকেই পরিচয় ছিল। একসঙ্গে বিভিন্ন শো করেছি। অভিনয়টা প্রথম করলাম আরকি। খুব ভালো লেগেছে। তিনি তো পাকা অভিনেতা। আমাকেও অনেক হেল্প করেছেন।’
ডিসেম্বরের প্রথমার্ধে বিজ্ঞাপনচিত্রটি প্রচারে আসবে। এ ছাড়া আরো কিছু কাজও হাতে রয়েছে তিথীর। সময়মতো সেগুলোর খবরও দেবেন এই সম্ভাবনাময়ী অভিনেত্রী।