রাজশাহী

শহীদ পাইলট তৌকির ইসলামের নামে কোনো স্থাপনার নামকরণের দাবি

নিউজ ডেস্ক২ জুন ২০২৬১ মিনিট পড়া

নিজস্ব প্রতিবেদক :

রাজশাহীর কৃতি সন্তান ও বাংলাদেশ বিমান বাহিনীর শহীদ পাইলট ফ্লাইট লেফটেন্যান্ট মোঃ তৌকির ইসলামের নামে বিমানবন্দর, সড়ক অথবা চত্বরের নামকরণের দাবিতে রাজশাহী সিটি কর্পোরেশনের মেয়রের কাছে স্মারকলিপি প্রদান করা হয়েছে।

মঙ্গলবার (২ জুন) দুপুর ১টা ৩০ মিনিটে রাজশাহী সিটি কর্পোরেশন কার্যালয়ে এ স্মারকলিপি প্রদান করেন রাজশাহী মহানগরীর ১৫ নম্বর ওয়ার্ডের স্থায়ী বাসিন্দা মোহাঃ তোহরুল ইসলাম।

স্মারকলিপিতে উল্লেখ করা হয়, ফ্লাইট লেফটেন্যান্ট মোঃ তৌকির ইসলাম ২০২৫ সালের ২১ জুলাই প্রশিক্ষণ বিমানের পাইলট হিসেবে দায়িত্ব পালনকালে দুর্ঘটনায় শাহাদাত বরণ করেন। তিনি বাংলাদেশ বিমান বাহিনীর একজন মেধাবী ও দায়িত্বশীল কর্মকর্তা ছিলেন এবং দেশের আকাশসীমার নিরাপত্তা রক্ষায় গুরুত্বপূর্ণ অবদান রেখে গেছেন।

স্মারকলিপিতে আরও বলা হয় :

দেশের জন্য আত্মোৎসর্গকারী এই বীর সেনা কর্মকর্তার স্মৃতি সংরক্ষণ এবং তাঁর প্রতি যথাযথ সম্মান প্রদর্শনের লক্ষ্যে রাজশাহী সিটি কর্পোরেশন এলাকার কোনো বিমানবন্দর, সড়ক অথবা চত্বর তাঁর নামে নামকরণ করা হলে তা হবে একটি গৌরবময় উদ্যোগ। পাশাপাশি ভবিষ্যৎ প্রজন্ম তাঁর দেশপ্রেম, সাহসিকতা ও আত্মত্যাগ থেকে অনুপ্রাণিত হবে।

এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সদয় হস্তক্ষেপ কামনা করা হয়েছে।