সদ্য প্রকাশিত
আন্তর্জাতিক

ল্যুভরে চুরি: নেপোলিয়নের দেওয়া দুর্লভ হারসহ যেসব গয়না খোয়া গেল

নিউজ ডেস্ক২০ অক্টোবর ২০২৫২ মিনিট পড়া
ল্যুভরে চুরি: নেপোলিয়নের দেওয়া দুর্লভ হারসহ যেসব গয়না খোয়া গেল

সিল্কসিটিনিউজ ডেস্ক :

প্যারিসের বিখ্যাত ল্যুভর মিউজিয়াম থেকে ফরাসি রাজপরিবারের মহামূল্যবাদ অনেক গয়না চুরি হয়েছে। রোববার (১৯ অক্টোবর) প্রকাশ্য দিবালোকে সংঘটিত এই দুর্ধর্ষ চুরিতে চোরেরা অন্তত এমন আটটি  মহামূল্যবান গয়না নিয়ে পালিয়েছে, যেসবের ঐতিহাসিক ও সাংস্কৃতিক মূল্য অপরিসীম।

চুরি হওয়া গয়নাগুলোর মধ্যে রয়েছে ফরাসি সম্রাট নেপোলিয়ন বোনাপার্টের (প্রথম নেপোলিয়ন) উপহার দেওয়া একটি দুর্লভ পান্না হার। ১৮১০ সালে দ্বিতীয় স্ত্রী মারি-লুইজকে বিবাহ উপলক্ষে এটি তিনি উপহার দিয়েছিলেন। এই হারে রয়েছে ৩২টি পান্না ও ১ হাজার ১৩৮টি হিরা। একই সেটের একটি কানের দুলের জোড়াও চুরি হয়েছে।

এছাড়া ফ্রান্সের শেষ রানি মেরি-অমেলির মালিকানাধীন একটি নীলকান্তমণির টায়রাও নিয়ে গেছে চোর। এই টায়রায় ছিল ২৪টি সিলন নীলকান্তমণি ও ১ হাজার ৮৩টি হিরা। টায়রাটির সেট হিসেবে থাকা একটি হার ও এক জোড়া দুল থেকে একটি দুলও এখন নিখোঁজ।

আরেকটি চুরি হওয়া গয়না হলো সম্রাজ্ঞী ইউজেনির (তৃতীয় নেপোলিয়নের স্ত্রী) একটি টায়রা। এতে ২১২টি মুক্তা ও প্রায় ৩ হাজার হিরা বসানো ছিল। এ ছাড়া ২ হাজার ৪০০ হিরা দিয়ে অলংকৃত একটি বেল্ট এবং ১৮৫৫ সালের একটি সাদা হিরার ব্রোচও চুরি হয়েছে।

শুধু সম্রাজ্ঞী ইউজেনির একটি রাজমুকুট ল্যুভর মিউজিয়ামের বাইরে পড়ে থাকতে দেখা গেছে। পালিয়ে যাওয়ার সময় চোরেরা এটি ফেলে রেখে যায়। ৫৬টি পান্না ও ১ হাজার ৩৫৪টি হিরায় অলংকৃত এই রাজমুকুট এখন পরীক্ষা করে দেখা হচ্ছে।

 

সূত্র: যুগান্তর