সিল্কসিটিনিউজ ক্রীড়া ডেস্ক:
বর্তমান কোচ ড্যারেন লেহম্যানের সঙ্গে চুক্তির মেয়াদ বৃদ্ধি করেছে ক্রিকেট অস্ট্রেলিয়া। নতুন চুক্তি অনুযায়ী ২০১৯ সালে ইল্যান্ডের মাটিতে অনুষ্ঠেয় অ্যাশেজ সিরিজ শেষে দায়িত্ব ছাড়বেন তিনি।
আগের চুক্তি অনুযায়ী আগামী বছর লেহম্যানের সঙ্গে চুক্তির মেয়াদ শেষ হওয়ার কথা ছিল। সেটি এখন আরো তিন বছর বৃদ্ধি পেল। ২০১৯ সালের অক্টোবর পর্যন্ত তিনি বিশ্বের সেরা দলটির কোচের দায়িত্ব পালন করবেন।

২০১৩ সালের অ্যাশেজের আগে ক্যাঙ্গারুদের কোচের দায়িত্ব নেন লেহম্যান। তার অধীনে নিজেদের মাটিতে ইংল্যান্ড, ভারত, নিউজিল্যান্ড ও ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টেস্ট সিরিজ জিতেছে অস্ট্রেলিয়া। এর বাইরে ২০১৫ সালে বিশ্বকাপও ঘরে তুলেছিল দলটি।
তার সময় কিছু হারের ঘটনাও আছে। সংযুক্ত আরব আমিরাতে পাকিস্তানের বিপক্ষে টেস্টে হেরেছিল লেহম্যানের শিষ্যরা। গত বছর ইংল্যান্ডে অ্যাশেজ সিরিজে হেরেছিল। কয়েক দিন আগে শ্রীলঙ্কার বিপক্ষে অভাবনীয়ভাবে পাল্লেকেলে টেস্টে হেরে যায় স্মিথরা।
অস্ট্রেলিয়াকে বিশ্বের এক নম্বর দলে পরিণত করতে গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন লেহম্যান। তার সময় বেশ কয়েক জন সিনিয়র খেলোয়াড় প্রায় এক যোগে অবসর নিয়েছিল। তবে নতুনদের নিয়ে নতুন ভাবে দল সাজিয়ে তুলেছেন এই কোচ।
কোচের দায়িত্বের মেয়াদ বৃদ্ধি পাওয়ার পর লেহম্যান বলেছেন, ‘আমি চ্যালেঞ্জের জন্য অপেক্ষা করছি।’
সূত্র: বাংলামেইল









