সিল্কসিটিনিউজ ডেস্ক:
জার্মান বুন্দেসলিগায় বায়ার্ন মিউনিখের ঘাড়ে নিঃশ্বাস ফেলছে আরবি লিপজিগ। শুক্রবার রাতে এসসি ফ্রেইবার্গের বিপক্ষে মাঠে নামার আগে লিপজিগের সঙ্গে তাদের পয়েন্ট ব্যবধান ছিল মাত্র ৩।
ফ্রেইবার্গের ঘরের মাঠে শুক্রবার ম্যাচের ৪ মিনিটেই পিছিয়ে পরে বায়ার্ন। কিন্তু রবার্ত লেভানডোস্কির জোড়া গোলে ড্রয়ের হাত থেকে রক্ষা পেয়েছে বাভারিয়ানরা। এই ম্যাচে ড্র করলে লিপজিগের সঙ্গে তাদের পয়েন্ট ব্যবধান আরো কমে যেত।

শুক্রবার ম্যাচের ৪ মিনিটে এসসি ফ্রেইবার্গের জানিক হাবেরার গোল করে এগিয়ে নেন দলকে। ম্যাচের ৩৫ মিনিটে রবার্ত লেভানডোস্কি গোল করে ম্যাচে সমতা ফেরান। সমতা নিয়েই শেষ হয় প্রথমার্ধের খেলা। দ্বিতীয়ার্ধের ৪৫ মিনিটেও এই সমতা ভাঙে না।
সবাই যখন ধরেই নিয়েছিল ম্যাচটি ড্র হতে যাচ্ছে ঠিক তখন জাল কাঁপান রবার্ত লেভানডোস্কি। ম্যাচের যোগ করা সময়ে (৯০+১) লেভানডোস্কির অসাধারণ গোলে শেষ পর্যন্ত জয় নিয়েই মাঠ ছাড়ে কার্লো আনচেলোত্তির শিষ্যরা।
এই জয়ের ফলে ১৭ ম্যাচ থেকে ৪২ পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলের শীর্ষেই রয়েছে বায়ার্ন মিউনিখ। এক ম্যাচ কম খেলে ৩৬ পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলের দ্বিতীয় স্থানে রয়েছে আরবি লিপজিগ। ১৭ ম্যাচ থেকে ২৩ পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলের অষ্টম স্থানে রয়েছে এসসি ফ্রেইবার্গ।
সূত্র: রাইজিংবিডি










