লালপুর (নাটোর) প্রতিনিধি :
নাটোরের লালপুরে কৃষকদের স্বার্থ রক্ষা ও নিরাপদ কৃষি নিশ্চিত করতে সোমবার দুয়ারিয়া ইউনিয়নের আবেদ মোড় বাজারে মোবাইল কোর্টের অভিযান পরিচালনা করা হয়। লাইসেন্সবিহীনভাবে সার ও কীটনাশক বিক্রির দায়ে ‘মেসার্স অপূর্ব বীজভাণ্ডার’-কে সার ব্যবস্থাপনা আইনে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়।
অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মেহেদী হাসান। লালপুর থানা পুলিশ, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা সুব্রত কুমার সরকার এবং উপ-সহকারী কৃষি কর্মকর্তা মো. সুরুজ্জামান সবুজও উপস্থিত ছিলেন।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মেহেদী হাসান জানান, “কৃষকদের নিরাপদ সার ও কীটনাশক সরবরাহ নিশ্চিত করা আমাদের প্রধান দায়িত্ব। অনিয়ম রোধে এ ধরনের অভিযান নিয়মিত চালানো হবে।” স্থানীয়রা এই পদক্ষেপকে স্বাগত জানিয়েছে এবং আশা প্রকাশ করেছেন, বাজারে কৃষকদের জন্য নিরাপদ ও বৈধ পণ্য নিশ্চিত হবে।









