নাটোর

লালপুরে যুবকের লাশ উদ্ধার

নিউজ ডেস্ক১৮ মে ২০২৬১ মিনিট পড়া

লালপুর (নাটোর) প্রতিনিধি:

নাটোরের লালপুরে মাঠের মধ্য থেকে সবজি কর্মকার (২৭) নামের এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। ঘটনাটি স্থানীয়দের মধ্যে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করেছে।

সোমবার (১৮ মে) সন্ধ্যায় উপজেলার নর্থবেঙ্গল সুগার মিলস হাইস্কুলের পিছনে একটি ফাঁকা মাঠের মধ্যে থেকে তার লাশ উদ্ধার করা হয়। নিহত সবজি কর্মকার উপজেলার বাহাদীপুর গ্রামের জান্টু কর্মকারের ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সন্ধ্যার দিকে কয়েকজন স্থানীয় ব্যক্তি নর্থবেঙ্গল সুগার মিল হাইস্কুলের পিছনে ফাঁকা মাঠের ভেতরে একটি লাশ পড়ে থাকতে  দেখে  লালপুর থানা পুলিশকে জানায়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাশ উদ্ধার করে। তবে এটি হত্যাকাণ্ড নাকি অন্য কোনো ঘটনা তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। বিষয়টি খতিয়ে দেখতে তদন্ত শুরু করেছে পুলিশ।

লালপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) শফিকুল ইসলাম জানান, খবর পেয়ে ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করা হয়েছে। এব্যাপারে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।