লালপুর (নাটোর) প্রতিনিধি:
নাটোরের লালপুরের আব্দুলপুর রেলওয়ে জংশনের করিমপুর রেলগেটের পশ্চিমে অজ্ঞাত ব্যক্তির ট্রেনে কাটা পড়ে দেহ বিছিন্ন লাশ উদ্ধার করেছে ঈশ্বরদী রেলওয়ে থানা পুলিশ। অজ্ঞাত ব্যক্তির পরিচয় সনাক্তের চেষ্টা চলছে বলে জানা গেছে।
করিমপুর রেলগেট এলাকায় ওষুধ ব্যবসায়ী শরিফ জানান বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর)সকাল সাড়ে ১১টার দিকে ওই লাশ উদ্ধার করে পুলিশ। জানা যায় রাতের যে কোন সময় ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত পঞ্চাশোর্ধ এক ব্যক্তি নিহত হয়েছে। আব্দুলপুর রেলওয়ে স্টেশনের মাস্টার জামিলুর রহমান জানান, অনুমান করা হচ্ছে বৃহস্পতিবার ভোর রাতের কোন এক সময় ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত পরিচয় এই ব্যক্তি নিহত হয়েছেন। তবে নিশ্চিত করে বলা যাচ্ছে না কোন ট্রেনে তিনি কাটা পড়ে মারা গেছেন। ঈশ্বরদী রেলওয়ে থানার পুলিশ মৃতদেহ উদ্ধার করেছেন। তার পরিচয় এখনো সনাক্ত হয়নি।

এ ব্যাপারে ঈশ্বরদী রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিয়াউর রহমান জানান, অজ্ঞাত পরিচয়ের লাশ উদ্ধার করা হয়েছে। তার পরিচয় সনাক্তের জন্য পিবিআই পুলিশ কে জানানো হয়েছে। মৃত ব্যক্তির পরিচয় পাওয়া গেলে আইনী প্রক্রিয়া সম্পূর্ণ করে তার স্বজনদের কাছে লাশ হস্তান্তর করা হবে।









