নাটোর প্রতিনিধিঃ
নাটোরের লালপুরে জমি নিয়ে বিরোধের জেরে সংঘর্ষে আহত জামায়াত কর্মী আব্দুল গফুর (৭০) মৃত্যু হয়েছে। গতকাল (১ ফেব্রুয়ারি) রাতে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন আবদুল গফুরের ছেলে ও ৬নং ওয়ার্ড জামায়াতের সভাপতি আমিরুল ইসলাম।
স্থানীয় সূত্রে জানা যায়, গত ২৬ জানুয়ারি উপজেলার উধনপাড়া উত্তর মাঠে জমি সংক্রান্ত বিরোধের জেরে আওয়ামী লীগ নেতা ওবায়দুল ইসলাম মন্টু, শামীম, ওয়াদুদ, সাবিনা আক্তার ও বিএনপি সমর্থক আ. লতিফ পক্ষের মধ্যে কথা কাটাকাটি হয়। একপর্যায়ে মন্টুর লোকজন দেশীয় অস্ত্র নিয়ে আব্দুল লতিফসহ তার লোকজনের উপর হামলা চালায়। এতে জামায়াত কর্মী আব্দুল গফুর (৭০), বিএনপি সমর্থক আব্দুল লতিফ (৭০) এবং গাজিউর রহমান (৫০) গুরুতর আহত হন। স্থানীয়রা তাদের উদ্ধার করে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাতে আব্দুল গফুরের মৃত্যু হয় ।

এ ঘটনায় নিহতের পরিবারের পক্ষ থেকে আইনি প্রক্রিয়া চলছে। ময়নাতদন্ত পরে বিকেল ৫ টায় রহিমপুর উচ্চ বিদ্যালয় মাঠে জানাযা উধনপাড়া কেন্দ্রীয় গোরস্থানে দাফন সম্পন্ন হয়েছে।
এ বিষয়ে লালপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) নুরুজ্জামান বলেন, “ঘটনার বিষয়ে আগেই মামলা দায়ের করা হয়েছিল এবং নিহতের ব্যাপারেও আমরা অবগত হয়েছি । তদন্ত সাপেক্ষে দোষীদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”









