লালপুর প্রতিনিধি:
নাটোরের লালপুরে লালন (২৮) নামের এক ব্যাটারিচালিত অটোরিকশা চালকের গলা কেটে অটোরিকশাটি ছিনতাই করেছে দুর্বৃত্তরা।

সোমবার (১৭জুলাই) রাত ৮ টার দিকে উপজেলার ঈশ্বরদী ইউনিয়নের ভাটপাড়া রাস্তায় এ ঘটনা ঘটে। আহত লালন উপজেলার গোবরপুর গ্রামের আব্দুস সামাদের ছেলে।
জানা যায়, লালন অটো চার্জার নিয়ে ভাটপাড়া যাওয়ার সময় অজ্ঞাত যাত্রী তার অটোতে উঠে। পরে ভাটপাড়া ফার্মের নিকট ফাঁকা রাস্তায় পৌঁছালে ওই যাত্রী চাকু দিয়ে অটো চালক লালনের গলা কেটে অটো নিয়ে পালিয়ে যায়। পরবর্তীতে আহত অবস্থায় লালন একাই নিকতবর্তী লালপুর ফায়ার সার্ভিসে গেলে ফায়ার সার্ভিসের সদস্যরা তাকে উদ্ধার করে লালপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসার জন্য নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক সাময়িক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন।
বিষয়টি নিশ্চিত করে লালপুর ফায়ার সার্ভিসের ফায়ার ফাইটার মিজানুর রহমান বলেন, আহত ব্যক্তি ফায়ার সার্ভিসে আসা মাত্র দ্রুত তাকে উদ্ধার করে লালপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। পরবর্তীতে রাজশাহীতে পাঠানো হয়।










