নাটোর

লালপুরে চাঁদা না পেয়ে মারধর ও প্রকাশ্যে গুলি, আহত ১

নিউজ ডেস্ক১৯ এপ্রিল ২০২৫২ মিনিট পড়া

লালপুর (নাটোর) প্রতিনিধি:

নাটোরের লালপুরে চাঁদা না পেয়ে এক ব্যক্তিকে মারধর ও প্রকাশ্যে গুলি ছোঁড়ার অভিযোগ উঠেছে। এঘটনায় একজন আহত হয়েছেন।

শুক্রবার (১৮ এপ্রিল) দুপুর ১২টা ১৫ মিনিটের দিকে উপজেলার বিলমাড়িয়া ইউনিয়নের নাগশোষা গ্রামে নাজির উদ্দিনের বাড়ির পাশে পাকা রাস্তার উপর এই ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, গত ১৬ এপ্রিল বুধবার রাত সাড়ে ৮টার সময় নাগশোষা গ্রামের আকবর সরদারের ছেলে মনি সরদার (৩২) একই গ্রামের মরহুম লাল মোহাম্মদ মাষ্টারের ছেলে গোলাম কিবরিয়া কাজল (৪৫)কে অস্ত্রের ভয় দেখিয়ে ৬০ হাজার টাকা চাঁদা দাবি করেন। এঘটনার জের ধরে শুক্রবার দুপুরে মনি সরদার  ও তার সঙ্গে থাকা আরও কয়েকজন মিলে বিলমাড়িয়া ইউনিয়ন পরিষদ এলাকায় কাজলকে মারধর করে।

একপর্যায়ে স্থানীয়রা কাজলকে উদ্ধারে এগিয়ে এলে মনি সরদার প্রকাশ্যে গুলি ছোঁড়ে। গুলিতে কেউ আহত না হলেও এঘটনাকে কেন্দ্র করে এলাকায় আতঙ্ক ও উত্তেজনা ছড়িয়ে পড়ে।

এঘটনায় লালপুর থানা পুলিশ ও যৌথবাহিনী ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

আহত গোলাম কিবরিয়া কাজল জানান, গত বুধবার (১৬ এপ্রিল ২০২৫) রাত সাড়ে ৮টার দিকে তার বাড়িতে এসে মনি সরদার ৬০ হাজার টাকা চাঁদা দাবি করে। চাঁদার টাকা না দেওয়ায় মনি তাকে প্রান নাশের হুমকি দিয়ে চলে যায়।

শুক্রবার দুপুরে ইউনিয়ন পরিষদে মনি সরদারের বিরুদ্ধে অভিযোগ করতে গিয়ে চেয়ারম্যানকে না পেয়ে বাড়ি ফেরার সময় বিলমাড়িয়া ইউনিয়ন পরিষদের সামনে তার পথে রোধ করে। এসময় মনি সরদার ও তার লোকজন চাঁদার টাকা না দিয়ে চেয়ারম্যানের নিকট অভিযোগ করতে আসায় তাকে মারপিট করে আহত করেন। স্থানীয়রা তাকে উদ্ধার করে লালপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। বর্তমানে তিনি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন।

এ বিষয়ে লালপুর থানার পুলিশ পরিদর্শক (ওসি তদন্ত) মোমিনুজ্জামান জানান, মনি সরদারের নামে লালপুর থানায় মাদক মামলা রয়েছে। ঘটনাস্থল থেকে এক রাউন্ড গুলির খোসা উদ্ধার করা হয়েছে। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে।

স.আর