নাটোর

লালপুরে ঈদগাহ মাঠে  গোলাগুলি: ইউনিয়ন আ.লীগ সাধারণ সম্পাদক গ্রেপ্তার 

নিউজ ডেস্ক২১ মে ২০২৫২ মিনিট পড়া

লালপুর (নাটোর) প্রতিনিধি:

নাটোরের লালপুরে ঈদের মাঠে বিএনপি নেতাকর্মীদের উপর প্রকাশ্যে গোলাগুলির ঘটনায় মাজিদুল ইসলাম (৫২) নামে এক আওয়ামী লীগ নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। তিনি কদমচিলান ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও শেকচিলান পূর্বপাড়া গ্রামের মৃত ইয়াসিন আলীর ছেলে। বুধবার (২১ মে) সকাল ১০ টার দিকে তাকে আদালতের মাধ্যমে নাটোর জেল হাজতে পাঠানো হয়েছে।

থানা সূত্রে জানা যায়, মঙ্গলবার (২০ মে) দিবাগত রাত দেড়টার দিকে উপজেলার কদমচিলান ইউনিয়নের শেকচিলান পূর্বপাড়া গ্রামে অভিযান চালিয়ে ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মাজিদুল ইসলামকে গ্রেপ্তার করে লালপুর থানা পুলিশ।

এ বিষয়ে লালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) মোঃ মমিনুজ্জামান বলেন, লালপুরে রামকৃষ্ণপুর ঈদগাহ মাঠে ঈদের নামাজ শেষে গোলাগুলির ঘটনায় মাজিদুলকে আটক করে বুধবার নাটোর জেল হাজতে পাঠানো হয়েছে।

উল্লেখ্য, গত ৩১ মার্চ, ২০২৫ উপজেলার লালপুর রামকৃষ্ণপুর চিনি বটতলা ঈদগাহ এলাকায় পবিত্র ঈদুল ফিতরের নামাজ শেষে ‘জয় বাংলা’ স্লোগান দেওয়াকে কেন্দ্র করে বিএনপি ও আওয়ামী লীগের দফায় দফায় সংঘর্ষে বিএনপি কর্মী মো. শরিফুল ইসলাম সুজাতসহ ৫ জন আহত হন। সংঘর্ষের ঘটনায় ওইদিন রাতে গুলিবিদ্ধ হয়ে আহত বিএনপির কর্মী বালিতিতা রামকৃষ্ণপুর গ্রামের মো. শরিফুল ইসলাম সুজাতের বাবা মো. আরজেল আলী বাদি হয়ে লালপুর ৪২ জনের নাম উল্লেখ করে অজ্ঞাতনামা আরো ১০০-১৫০ জনের বিরুদ্ধে মামলা দায়ের করেন।