সিল্কসিটিনিউজ ডেস্ক:
ব্যাট হাতে ব্যর্থতার বৃত্তে বন্দি ছিলেন সাকিব আল হাসান ও তাওহিদ হৃদয়। বল হাতে সাকিব গুরুত্বপূর্ণ দুটি উইকেট তুলে নিয়ে আশা জাগালেও শেষ রক্ষা হয়নি জাফনা কিংসের।
লঙ্কান প্রিমিয়ার লিগের (এলপিএল) রোমাঞ্চকর ফাইনালে জাফনাকে ৫ উইকেটে হারিয়ে প্রথমবারের মতো ট্রফি উঁচিয়ে ধরেছে গল গ্যালান্টস।
শনিবার কলম্বোর আর প্রেমাদাসা স্টেডিয়ামে টস জিতে আগে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয় জাফনা। তবে প্রতিপক্ষের বোলিং তোপে ১৯.৩ ওভারে ১২৩ রানেই গুটিয়ে যায় তাদের ইনিংস। ১২৪ রানের সহজ লক্ষ্য তাড়া করতে নেমে ২৫ বল হাতে রেখেই ৫ উইকেট হারিয়ে জয়ের বন্দরে পৌঁছে যায় গল গ্যালান্টস।

ছোট লক্ষ্য তাড়া করতে নেমে শুরুতেই ধাক্কা খেয়েছিল গল, ১০ রানেই হারায় ২ উইকেট। তবে তৃতীয় উইকেটে থমাস রজার্স ও দিনুরা কালুপাহানা ৬৪ রানের জুটি গড়ে দলকে জয়ের পথ দেখান। বিপজ্জনক হয়ে ওঠা এই জুটি ভাঙেন সাকিব আল হাসান। একই ওভারে ২৭ বলে ৩৪ রান করা রজার্স এবং ১৯ বলে ৩১ রান করা কালুপাহানাকে সাজঘরে ফিরিয়ে ম্যাচে দারুণভাবে জাফনাকে ফিরিয়েছিলেন এই অলরাউন্ডার।
৭৫ রানে ৪ উইকেট হারিয়ে কিছুটা চাপে পড়লেও গলের বাকি ব্যাটারদের দৃঢ়তায় ম্যাচ হাতছাড়া হয়নি। চামিকা করুণারত্নের ১৬, সাহান আরাচ্চিগের ১৪ এবং দাসুন শানাকার ৯ বলে ঝড়ো ২০ রানের অপরাজিত ইনিংসে জয় নিশ্চিত করে গল।
এর আগে জাফনার ব্যাটিং ইনিংসে শুরু থেকেই ছিল ভাঙন। ৩১ রানে ২ উইকেট হারানোর পর ক্রিজে আসেন তাওহিদ হৃদয়। কিন্তু ১০ বলে একটি চারে ১০ রান করেই সাচিন্দু কলম্বাগের শিকার হন তিনি।
এরপর ৬৮ রানে ৫ উইকেট হারিয়ে দল যখন দিশেহারা, তখন সাত নম্বরে নামেন সাকিব। তিনিও বড় ইনিংস খেলতে ব্যর্থ হন; ১৩ বলে ৯ রান করে এশান মালিঙ্গার বলে ক্যাচ দিয়ে ফেরেন।
জাফনার হয়ে সর্বোচ্চ ৪১ রান করেন কামিল মিশারা, শেষ দিকে চামিন্দু বিক্রমাসিংহের ব্যাটে আসে ১৬ বলে ২৪ রান। গলের পক্ষে চারিথ আসালাঙ্কা ও এশান মালিঙ্গা ৩টি করে উইকেট শিকার করেন।
জাফনার হয়ে বল হাতে দুর্দান্ত ছিলেন সাকিব। ৪ ওভারে মাত্র ১৫ রান দিয়ে পান ২ উইকেট। অন্যদিকে, গলের স্কোয়াডে থাকা বাংলাদেশি উইকেটরক্ষক-ব্যাটার নুরুল হাসান সোহান ফাইনালের একাদশে সুযোগ পাননি।
ফাইনালে ৩ উইকেট নিয়ে ম্যাচের সেরা খেলোয়াড় নির্বাচিত হয়েছেন গল অধিনায়ক চারিথ আসালাঙ্কা। রান সংগ্রাহকদের তালিকায় ওপরে থাকা জাফনার কামিল মিশারা জিতেছেন টুর্নামেন্টসেরার পুরস্কার।










