সিল্কসিটিনিউজ ডেস্ক :
বলিউড নির্মাতা বিশাল ভরদ্বাজের নতুন ছবি ‘ও রোমিও’ মুক্তি পাবে ১৩ ফেব্রুয়ারি। রোমান্টিক ড্রামা ঘরানার এই ছবিতে জুটি বেঁধেছেন শহিদ কাপুর ও ত্রিপ্তি দিমরি। পাশাপাশি গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন দিশা পাটানি, অভিনাশ তিওয়ারি, তামান্না ভাটিয়া, ফরিদা জালাল, বিক্রান্ত ম্যাসি ও নানা পাটেকর।
ছবিটি নিয়ে সম্প্রতি এক সাক্ষাৎকারে বিশাল ভরদ্বাজ জানান, তামান্না ভাটিয়া ও বিক্রান্ত ম্যাসি কোনো পারিশ্রমিক ছাড়াই ছবিটিতে কাজ করেছেন।

বিক্রান্ত ম্যাসি সম্পর্কে ভরদ্বাজ বলেন, ক্যারিয়ারের শুরুর দিকে যখন তিনি তারকা হয়ে ওঠেননি তখনই প্রতিশ্রুতি দিয়েছিলেন ছবিটি করার। পরবর্তী সময়ে ‘টুয়েলভথ ফেল’ ছবির মাধ্যমে বড় তারকা হয়ে ওঠার পরও তিনি সেই প্রতিশ্রুতি রক্ষা করেছেন এবং পুনরায় যোগাযোগ করা হলে বিনা পারিশ্রমিকে কাজ করতে সম্মত হন।
অন্যদিকে তামান্না ভাটিয়াও বাজেট সীমাবদ্ধতা সত্ত্বেও বিনা পারিশ্রমিকে অভিনয় করতে রাজি হন। যদিও তার চরিত্রটি সংক্ষিপ্ত, তবে কাহিনির একটি বড় মোড় আসবে তাঁকে ঘিরে।
প্রস্তাব পাওয়ার সঙ্গে সঙ্গেই সম্মতি জানান তামান্না। প্রাথমিক পরিকল্পনার চেয়ে বেশি সময় দিয়ে প্রায় ১২ দিন শুটিং করেন তিনি। চরিত্রের গভীরতা ধরতে ওয়ার্কশপ ও রিহার্সালেও অংশ নেন। তাঁর এই নিষ্ঠা ও আন্তরিকতা ছবিতে ইতিবাচক প্রভাব ফেলেছে বলে উল্লেখ করেন ভরদ্বাজ।









