সদ্য প্রকাশিত
আন্তর্জাতিক

রেকর্ড শীতের কবলে আর্জেন্টিনা-চিলি-উরুগুয়ে, মৃত ১৫

নিউজ ডেস্ক৪ জুলাই ২০২৫২ মিনিট পড়া
রেকর্ড শীতের কবলে আর্জেন্টিনা-চিলি-উরুগুয়ে, মৃত ১৫

সিল্কসিটিনিউজ ডেস্ক:

অ্যান্টার্কটিকা থেকে ধেয়ে আসা বরফঠান্ডা মেরু বায়ুর প্রভাবে দক্ষিণ আমেরিকার তিনটি দেশে তীব্র শৈত্যপ্রবাহ চলছে। এতে আর্জেন্টিনা, উরুগুয়ে ও চিলিজুড়ে অসহনীয় ঠাণ্ডা পড়েছে। এর ফলে কমপক্ষে ১৫ জনের মৃত্যু হয়েছে বলে জানা গেছে।

আর্জেন্টিনার রাজধানী বুয়েনোস আইরেসে গত বুধবার মাইনাস ১.৯ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে, যা ১৯৯১ সালের পর সর্বনিম্ন।

দক্ষিণাঞ্চলের শহর মাকুইঞ্চাওতে মঙ্গলবার তাপমাত্রা নেমেছে মাইনাস ১৮ ডিগ্রি সেলসিয়াসে।
অঞ্চলজুড়ে বাড়তে থাকা বিদ্যুৎচাহিদা ও লোডশেডিংয়ের ফলে হাজারো মানুষ বিদ্যুৎবিচ্ছিন্ন অবস্থায় ২৪ ঘণ্টারও বেশি সময় কাটিয়েছেন। পরিস্থিতি সামাল দিতে সরকার শিল্পখাত ও পেট্রোল পাম্পে গ্যাস সরবরাহ স্থগিত করেছে এবং বৃহস্পতিবার গ্যাস সিলিন্ডারের ওপর থেকে মূল্য নিয়ন্ত্রণ তুলে নিয়েছে। এদিকে, এনজিও ‘প্রোয়েক্তো ৭’ জানিয়েছে, চলতি শীতে আর্জেন্টিনায় কমপক্ষে ৯ জন গৃহহীন ব্যক্তির মৃত্যু হয়েছে।

এদিকে উরুগুয়ে সরকার দেশজুড়ে ‘রেড অ্যালার্ট’ জারি করেছে। ইতোমধ্যে ঠাণ্ডায় মারা গেছেন ৬ জন। প্রেসিডেন্ট ইয়ামানদু অরসির সরকার গৃহহীনদের জোরপূর্বক আশ্রয়কেন্দ্রে নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। রাজধানী মন্টেভিডিওতে ৩০ জুন সর্বোচ্চ তাপমাত্রা ছিল মাত্র ৫.৮ ডিগ্রি সেলসিয়াস, যা ১৯৬৭ সালের পর সর্বনিম্ন।

চিলির বিভিন্ন এলাকায়ও তীব্র ঠাণ্ডা পড়েছে। রাজধানী সান্তিয়াগো থেকে ৪০০ কিলোমিটার দক্ষিণে চিয়ান শহরে তাপমাত্রা নেমেছে মাইনাস ৯.৩ ডিগ্রি সেলসিয়াসে। সরকার গৃহহীনদের জন্য জরুরি আশ্রয়কেন্দ্র চালু করেছে। সবচেয়ে বিস্ময়কর ঘটনা ঘটেছে পৃথিবীর সবচেয়ে শুষ্ক মরুভূমি আটাকামা অঞ্চলে, যেখানে প্রথমবারের মতো এক দশকের মধ্যে তুষারপাত হয়েছে।

চিলির সান্তিয়াগো বিশ্ববিদ্যালয়ের জলবায়ু বিজ্ঞানী রাউল কর্দেরো বলেন, ‘এটি মেরু বায়ু প্রবাহের ফল, যা অ্যান্টার্কটিকা থেকে পালিয়ে এসে দক্ষিণ আমেরিকা কাবু করেছে।’
জলবায়ু পরিবর্তনের প্রভাব?

আবহাওয়াবিদ আর্নালদো জুনিগা বলেন, ‘এই ধরনের ঠাণ্ডা বায়ু এত উত্তরে পৌঁছানো খুবই অস্বাভাবিক। জলবায়ু পরিবর্তনের কারণে এমন ঘটনাও এখন উড়িয়ে দেওয়া যায় না।’ আগামী কয়েকদিনে তাপমাত্রা কিছুটা বাড়বে বলে আশা করা হচ্ছে। বৃহস্পতিবার বুয়েনোস আইরেসে ১২ ডিগ্রি, মন্টেভিডিওতে ১৪ ডিগ্রি এবং সান্তিয়াগোতে ২৪.৭ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড হয়েছে।

সান্তিয়াগোর ১৮ বছর বয়সী শিক্ষার্থী ডাফনে নারাঞ্জো বলেন, ‘ঠাণ্ডা থেকে হঠাৎ গরম হয়ে যাওয়াটা খুব অবাক করার মতো। পরিবর্তনটা ছিল খুব তীব্র।’ জলবায়ু বিজ্ঞানী কর্দেরো বলেন, ‘শীত বা গ্রীষ্ম—সব মৌসুমেই এখন তাপপ্রবাহের হার তিন গুণ বেড়েছে। শুধু দক্ষিণ আমেরিকা নয়, পুরো বিশ্বজুড়ে একই প্রবণতা দেখা যাচ্ছে।’

সূত্র : ফ্রান্স২৪