নিজস্ব প্রতিবেদক:
রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (রুয়েট) ভাইস চ্যান্সেলরসহ অন্যান্য শিক্ষকদের রাতভর অবরুদ্ধকরণ এবং শিক্ষকদের সাথে অসাদাচরন করার ঘটনার প্রেক্ষিতে একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে।
আজ বুধবার দুপুরে ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মোহাঃ রফিকুল আলম বেগের সাথে শিক্ষক সমিতির নেতৃবৃন্দের এক ফলপ্রসূ আলোচনার পরিপ্রেক্ষিতে পাঁচ সদস্যবিশিষ্ট এই তদন্ত কমিটি গঠন করা হয়।
তদন্ত কমিটির সভাপতি করা হয়েছে ইন্সটিটিউট অব ইনফরমেশন এন্ড কম্পিউটার সায়েন্স (আইআইসিএস)এর পরিচালক প্রফেসর ড. মোঃ শহীদ উদ জামানকে। কমিটির অন্যান্য সদস্যরা হচ্ছেন প্রফেসর ড. মোঃ আব্বাস আলী, প্রফেসর ড. মোঃ মাজেদুর রহমান, ড. মোঃ রবিউল ইসলাম ও ড. মোঃ শাহেদ হাসান তুষার।

এই কমিটিকে গত ৪ ফের্রুয়ারীতে সংঘটিত ঘটনার সাথে জড়িত শিক্ষার্থীদের সনাক্তকরণ শেষে তদন্ত প্রতিবেদন শিঘ্রই দাখিল করার জন্য নির্দেশনা দেয়া হয়েছে।
এদিকে ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মোহাঃ রফিকুল আলম বেগ আশা প্রকাশ করে বলেছেন, শিক্ষক সমিতি তাদের চলমান কর্মবিরতি প্রত্যাহার করে শিঘ্রই একাডেমিক কর্মকাণ্ড পরিচালনায় সম্পৃক্ত হবেন এবং সকল ক্লাশ ও পরীক্ষা গ্রহণ করবেন।
এছাড়া তিনি রুয়েট ক্যাম্পাসে শিক্ষার সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখার জন্য সকলের প্রতি উদ্যাত্ত আহ্বান জানিয়েছেন।
উল্লেখ্য, ৩৩ ক্রেডিট অর্জন পদ্ধতি বাতিলের দাবি আদায়ের লক্ষ্যে গত ২৮ জানুয়ারী থেকে আন্দোলন করেন শিক্ষার্থীরা। শনিবার (৪ ফেব্রুয়ারী) সকাল ১০টা থেকে বিশ্ববিদ্যালয়ের শহীদ মিনারে অবস্থান নেন আন্দেলনরত শিক্ষার্থীরা। এ সময় ক্রেডিট প্রথা বাতিলের দাবিতে বিভিন্ন স্লোগান দিতে থাকেন তারা। এদিকে প্রশাসন ভবনের সামনে অবস্থান নেয়ায় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক রফিকুল আলম বেগ অবরুদ্ধ হয়ে পড়েন। এ সময় শিক্ষার্থীরা প্রশাসন ভবনের সামনে থেকে উপাচার্যের দপ্তরের সামনে গিয়ে অবস্থান নেন। সন্ধ্যায় সেখানে রক্ত ঢেলে প্রতিবাদ করে শিক্ষার্থীরা।
পর দিন রোববার ২১ ঘন্টা অবরুদ্ধ থাকার পর শিক্ষার্থীদের দাবি দাওয়া মেনে নেন রুয়েট উপাচার্য অধ্যাপক রফিকুল আলম বেগ। বেলা ১টার দিকে এ ঘোষণা দেন একাডেমিক কাউন্সিলের সদস্য প্রফেসর ইকবাল মতিন।
ওই দিনই বিকেল ৩টায় শিক্ষক সমিতির এক জরুরি সভায় শিক্ষকদের সঙ্গে অসদাচারণের অভিযোগে আন্দোলনরত শিক্ষার্থীদের শাস্তি না হওয়া পর্যন্ত অনির্দিষ্টকালের জন্য ক্লাস-পরীক্ষা বর্জনের ঘোষণা দেয়। এ ঘটনার প্রেক্ষিতে আজ বুধবার ৫ সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়।
স/শ









